মুম্বই: ৬ বলে ১৯ রান বাকি। ইডেন ধরেই নিয়েছে কাপ জিতবে ইংল্যান্ড। কিন্তু কার্লোস ব্রেথওয়েট বোধহয় অন্যরকম ভেবেছিলেন। চার বলে চারটে ছয়! বেন স্টোকসকে স্রেফ বাবুঘাটে ছুড়ে ফেলেছিলেন ক্যারিবিয়ান দৈত্য। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ২০১৬ সালের ফাইনাল। অতিমানবীয় ব্রেথওয়েট ক্যারিবিয়ান ক্রিকেটের প্রতিমূর্তি। ফর্মে থাকলে যে কোনও প্রতিপক্ষের ঘুম কাড়তে পারে সোবার্স, রিচার্ডসের দেশ। কুড়ি-কুড়ি ফরম্যাটে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারও শিরোপা জিততে মরিয়া।
ব্যাকরণ মানা মাপা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খাপ খায় না। বরং আমুদে, বোহেমিয়ান, বেপরোয়া ইমেজেই তাদের মানায়। সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা। সোনার ক্রস ঝুলছে। অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নারদের হিমশীতল চাহনি প্রতিপক্ষ ব্যাটারকে বশ মানতে যথেষ্ট। পরপর দু’বার (১৯৭৫, ১৯৭৯) একদিনের বিশ্বকাপ জেতে তারা। কিন্ত অতীতের গরিমা এখন উধাও। টেস্ট বা ওডিআইতে ক্যারিবিয়ান সূর্য অস্তাচলের পথে। কিন্তু টি-২০ তে এই দলকে নিয়ে ভবিষ্যৎবাণী করা বেশ ঝুঁকির। চলতি টুর্নামেন্টে গ্রুপের চারটি ম্যাচই জিতেছে শাই হোপের দল। সোমবার সুপার এইটে তাদের সামনে জিম্বাবোয়ে। ছন্দে থাকলে ক্যারিবিয়ানদের থামানো কঠিন। শক্তিশালী ব্যাটিং দলের প্রধান অস্ত্র। ব্রেন্ডন কিং, হোপ, হেটমায়ার, রাদারফোর্ডরা টি-২০ বিশেষজ্ঞ। ক্রিজে জমে গেলে ম্যাচের রং বদলাতে পারেন। তাছাড়া আইপিএল খেলার সুবাদে তাদের ব্যাটিংয়ে আলাদা জেল্লা। রোমারিও শেফার্ড, জেসন হোল্ডারের মতো অলরাউন্ডার গভীরতা বাড়িয়েছেন।
বোলিংও আগের চেয়ে অনেক ব্যালান্সড। আকিল হোসেন, হোল্ডার, সামার জোসেফরা কীভাবে বিপক্ষকে আটকান তার উপর অনেককিছু নির্ভর করবে। অভিজ্ঞ হোল্ডারের মন্তব্য, ‘ম্যাচ অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। গোটা দল ভালো ফলের বিষয়ে আশাবাদী।’ ক্যারিবিয়ান ক্যালিপসোর সুর ফেরাতে মরিয়া তারা। সুপার এইটে জিম্বাবোয়ে ছাড়াও টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন হেটমায়াররা। ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তীব্র হাইপ তৈরি হয়েছে।