Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হামাস প্রধান হানিয়াকে হত্যার কথা অবশেষে স্বীকার করল ইজরায়েল

ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার কথা স্বীকার করল ইজরায়েল। চলতি বছরের জুলাই মাসে তেহরানে হানিয়াকে হত্যা করে তেল আবিব। যার জেরে গোটা বিশ্বে হইচই পড়ে যায়

হামাস প্রধান হানিয়াকে হত্যার কথা অবশেষে স্বীকার করল ইজরায়েল
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
তেল আবিব, ২৪ ডিসেম্বর: ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার কথা স্বীকার করল ইজরায়েল। চলতি বছরের জুলাই মাসে তেহরানে হানিয়াকে হত্যা করে তেল আবিব। যার জেরে গোটা বিশ্বে হইচই পড়ে যায়। এতদিন হানিয়াকে হত্যা করার কথা প্রকাশ্যে স্বীকার না করলেও, এর পিছনে যে ইজরায়েলের ভূমিকা রয়েছে সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত ছিল আন্তর্জাতিক মহল। তবে গতকাল, সোমবার হানিয়াকে হত্যার কথা এতদিন বাদে স্বীকার করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। হুথি জঙ্গি গোষ্ঠীকে জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘ইজরায়েলে বিগত কয়েকদিন ধরেই হামলা চালাচ্ছে হুথি জঙ্গি গোষ্ঠী। আমি তাদের একটা বার্তা স্পষ্টভাবে দিয়ে রাখছি। আমরা হামাস, হিজবুল্লাকে হারিয়েছি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। সিরিয়ায় আসাদ সাম্রাজ্যের পতন ঘটিয়েছি, শয়তানের জন্মদাতাদের বারবার কড়া জবাব দিয়েছি। এবার ইয়েমেনে অবস্থিত হুথি জঙ্গি গোষ্ঠীদের কড়া জবাব দেওয়া হবে। এটাই হবে আমাদের শেষ কাজ।’ তিনি আরও বলেন, ‘হুথিদের পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেব। সঙ্গে তাদের নেতাদেরও ছাড়ব না। ঠিক যেভাবে হানিয়া, নাসরাল্লাহ ও সিনওয়ারকে হত্যা করেছি।  সেইভাবেই হুথিদের নেতাদেরও হত্যা করব আমরা।’ প্যালেস্তাইনের উপর ইজরায়েলের হামলার প্রতিবাদে বিগত এক বছর ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হুথি। তাদের সেই হামলা রুখতে লোহিত সাগরে কড়া নজরদারি চালাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই আচমকাই বিগত কয়েকদিন ধরে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। যার জেরে ক্ষুব্ধ ইজরায়েল। তাই ইরান সমর্থিত এই জঙ্গি গোষ্ঠীকে সতর্ক করতেই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ এই বার্তা দিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ