নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলের খারাপ সময় অব্যাহত। মঙ্গলবার অনুশীলনে হাঁটুতে মারাত্মক চোট পান হিজাজি মাহের। মাঠেই কেঁদে ফেলেন জর্ডনের জাতীয় দলের এই ডিফেন্ডার। পায়ে বরফ বেঁধে কোনওরকমে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। হিজাজিকে সান্ত্বনা দেন সতীর্থ ফুটবলাররা। তাঁকে নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট। বুধবার সকালে হিজাজির এমআরআই করানো হবে। মুম্বই ম্যাচে অনিশ্চিত। গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত হেডে জাল কাঁপান হিজাজি। ছন্দে ফেরার মুখেই চোটের কবলে পড়লেন তিনি।
Advertisement
চলতি মরশুমে চোটে বিধ্বস্ত ইস্ট বেঙ্গল। এর আগে ওড়িশা ম্যাচে ছিটকে যান ফরাসি ফুটবলার মাধি তালাল। সাউল ক্রেসপো, আনোয়ারও দীর্ঘদিন বাইরে। হিজাজিকে রেখে কোনওরকমে ডিফেন্স সামলাচ্ছিলেন কোচ অস্কার ব্রুঁজো। এবার পরিকল্পনা ফের বদলাতে হবে তাঁকে। সমস্যা আরও আছে। ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভার পিঠের চোট ফের মাথাচাড়া দিয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে তিনিও অনিশ্চিত। তার উপর কার্ড সমস্যায় নেই জিকসন সিং। দল সাজাতে ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। উইং ব্যাকেও দুর্বলতা রয়েছে। রাকিপ, লাকরা আনফিট। তাই হয়তো নন্দকুমারের উপরই ভরসা রাখতে হবে কোচকে।



