অযোধ্যা: রাম মন্দিরে সিইও পদে চাকরি। তবে মানতে হবে একাধিক শর্ত। ধর্মপ্রাণ হিন্দু এবং নিরামিষ খান কি না? এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁদের। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সিইও) পদের জন্য ডাকা হয়েছিল ১৮ জনকে। মঙ্গলবার প্রথম দফায় ১০ জনকে ইন্টারভিউ নেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন তিনজন প্রাক্তন আইএএস অফিসার ও এক আইপিএস এবং চারজন প্রাক্তন সেনাকর্তা। বুধবার বাকিদের সাক্ষাৎকার নেওয়া হয়। চাকরিপ্রার্থী টিকি রাখেন? পৈতে পরেন? নিরামিষ না আমিষ খাবার খান? মদ্যপান করেন? ভিড় নিয়ন্ত্রণে কতটা দক্ষ, এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে প্রার্থীরা জানিয়েছেন।



