প্যারিস: হিন্দু ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে ‘নারীবিদ্বেষে’র অভিযোগ। প্রতিবাদে ধর্মঘট প্যারিসের আইফেল টাওয়ারের কর্মীদের। যার জেরে সোমবার দিনভর বন্ধ থাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টুরিস্ট ডেস্টিনেশন। যা কার্যত নজিরবিহীন! গত শনিবার আইফেল টাওয়ারে ঘুরতে যান ‘বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’ (বিএপিএস) নামে একটি ধর্মীয় সংগঠনের প্রায় একশো সদস্য। অভিযোগ, ওই সংগঠনটির তরফে আইফেল টাওয়ারের পরিচালনকারী সংস্থার কাছে দাবি করা হয়, তাদের পরিদর্শনের সময় কোনো মহিলা কর্মীকে যেন ওই চত্বরে রাখা না হয়। পরিচালক সংস্থা সেই দাবি মেনে সমস্ত মহিলা কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেয়। তা নিয়েই ক্ষিপ্ত অন্য কর্মীরা। তাঁদের অভিযোগ, এই পদক্ষেপ অত্যন্ত বিদ্বেষমূলক। মুখ খুলেছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগরিও। তিনি জানিয়েছেন, দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেগরির বার্তা, কর্মীদের ক্ষোভের যৌক্তিকতা রয়েছে। যে ঘটনা এই প্রতিবাদের জন্ম দিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রতিবাদে সরব মন্ত্রী অরোরে বার্জ, ফ্রান্সের অতি দক্ষিণপন্থী নেতা তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরিন লে পেনও। ভারতের বিদেশমন্ত্রক এই ঘটনায় দূরত্ব বজায় রেখে জানিয়েছে, আইফেল টাওয়ারে যা ঘটেছে, তা দুটি সংস্থার অন্তর্বর্তী বিষয়।



