গুয়াহাটি: কংগ্রেস সহ বিরোধীদের ধরাশায়ী করে অসমে আবারও গেরুয়া
গুয়াহাটি: কংগ্রেস সহ বিরোধীদের ধরাশায়ী করে অসমে আবারও গেরুয়া
ঝড়। এনডিএ জোটের সরকার গড়া এখন শুধু সময়ের অপেক্ষা।ফের মুখ্যমন্ত্রী
হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। রবিবার অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন হিমন্ত ও এনডিএ জোটের বিধায়করা। রাজ্যপালের কাছে
সরকার গড়ার দাবি জানিয়েছেন তাঁরা। কাল ১২ মে শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সভাপতি নীতিন নবীন সহ বিশিষ্টরা।
অসমের ১২৬টি বিধানসভা আসনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ জোট। ঝুলিতে মোট ১০২ আসন। এর মধ্যে বিজেপি পেয়েছে ৮২টি। বাকি দুই শরিক দল এজিপি ও বিপিএফ ১০টি করে আসন জিতেছে। ২০১৬ সালে প্রথমবার অসমের মসনদ দখল করে এনডিএ জোট। মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনেওয়াল। এনিয়ে টানা তৃতীয় বার অসমে এনডিএ সরকার। ২০২১ সালের পর ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন হিমন্ত । অসমে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। সহ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। এদিন হিমন্তদের সঙ্গে তাঁরাও গিয়েছিলেন লোকভবনে।
এদিন সকালেই বিধায়কদের সম্মতিতে হিমন্তকে বিজেপির পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়। তারপরই দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যপালের সঙ্গে দেখা করেন। পরে লোকভবন থেকে বেরিয়ে বিধানসভা নির্বাচনে এই ঐতিহাসিক জয়ের জন্য অসমবাসীকে ধন্যবাদ জানান নাড্ডা। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির জনমুখী নীতির ফল মিলেছে। এই জয় তারই প্রমাণ। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই এগিয়ে চলেছে অসম। আর তা বাস্তবায়ন করে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা।’