উচ্চ মাধ্যমিকের ইন্টারভিউ শুরু ২৮ অক্টোবর, ওবিসি সংরক্ষণ সংশোধনের পর পাঁচ হাজার প্রার্থী বাদ মাধ্যমিকে
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমে ৭ শতাংশ হওয়ায় নবম-দশম শ্রেণির শিক্ষকতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা থেকে প্রায় পাঁচ হাজার প্রার্থী বাদ গিয়েছেন। সূত্রের খবর, প্রায় একই সংখ্যক প্রার্থী এসেছেন অসংরক্ষিত শ্রেণি থেকে। প্রসঙ্গত, এর আগে ২৩,২০৯টি শূন্যপদের জন্য প্রায় ৪০ হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল বলে এসএসসি জানায়। সোমবার ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তবে কতজন বাদ পড়েছেন, সেই সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা। প্রসঙ্গত, এরই কারণে উচ্চ মাধ্যমিকের ইন্টারভিউ তালিকা থেকে ২৭০০ জনেরও বেশি প্রার্থী বাদ পড়েন। নতুন করে ঢোকেন প্রায় সমসংখ্যক প্রার্থী। ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ দিয়ে আগের ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন মোট ২০,২৪০ জন প্রার্থী। সেই হিসাবে মাধ্যমিক স্তরে অন্তত পাঁচ হাজার জনের হেরফের হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের জন্য মঙ্গলবার নতুন করে ইন্টারভিউ সূচি ঘোষণা করা হয়েছে। ২৮ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞান, ২৯ অক্টোবর ভূগোল এবং ৩০ অক্টোবর পদার্থবিদ্যার ইন্টারভিউ হবে। বাকি বিষয়গুলির দিন পরবর্তীতে জানাবে কমিশন। 

Advertisement