Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ হাই-ভোল্টেজ প্রচার, বারাসতে মমতা-অভিষেক

আজ, বুধবার আমডাঙা ও দেগঙ্গায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ হাই-ভোল্টেজ প্রচার, বারাসতে মমতা-অভিষেক
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ, বুধবার আমডাঙা ও দেগঙ্গায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১টায় তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকির সমর্থনে আমডাঙার সাধনপুর মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিকাল ৩টের সময় দেগঙ্গার তৃণমূল প্রার্থী আনিসুর রহমানের (বিদেশ) সমর্থনে সভা করবেন অভিষেক। আবার এদিনই হাবড়ায় জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল ও অশোকনগরের সুময় হীরার সমর্থনে সভা করবেন তিনি। সব মিলিয়ে বারাসত মহকুমায় আজ হাই-ভোল্টেজ প্রচার দুই ফুলের।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলায় আমডাঙা কেন্দ্রের ভোটাররা বরাবরই শাসকদলের পাশেই থেকেছেন। ২০১১ সাল থেকে টানা তিনবার এই কেন্দ্রের বিধায়ক রফিকুর রহমান। এবার তাঁর জায়গায় টিকিট পেয়েছেন কাশেম সিদ্দিকি। প্রথম দিকে বিদায়ী বিধায়কের ক্ষোভ ছিল। পরে দলনেত্রীর নির্দেশে রফিকুর প্রার্থীর পক্ষেই প্রচার করছেন। তবে, চাপা ক্ষোভ জিইয়ে রয়েছে তাঁর। আমডাঙা কেন্দ্রের সংখ্যালঘুদের অধিকাংশের আবেগ রয়েছে ফুরফুরা শরিফের প্রতি। সেখানে ফুরফুরা শরিফের পীরজাদাকে প্রার্থী করাটা তৃণমূলের মাস্টারস্ট্রোক। ফলে, এবার আমডাঙায় আইএসএফের অনেকেই শাসকদলে ভিড়েছেন। বুধবার বেলা ১টায় আমডাঙার সাধনপুরের স্কুল মাঠেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মাঠের লাগোয়া এলাকায় তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। আমডাঙায় বহু সংখ্যালঘু ভোটারের নাম বাদ গিয়েছে এসআইআরে। এই কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছেন কর্মী ও সাধারণ ভোটাররা। 
অন্যদিকে, মমতার সভার দু’ঘণ্টার ব্যবধানে দেগঙ্গায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী আনিসুর রহমানের (বিদেশ) সমর্থনে তিনি জনসভা করবেন। নুরনগর পঞ্চায়েতের বেনাপোল ইটভাটার মাঠে সভা হবে। সভাস্থলের অদূরেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সংখ্যালঘু অধ্যুষিত দেগঙ্গা কেন্দ্র বরাবর তৃণমূলের ঘাঁটি হিসাবেই পরিচিত। কিন্তু এবার দেগঙ্গা কেন্দ্রটি তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। দেগঙ্গা থেকে এবার প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন তৃণমূলের মফিদুল হক সাহাজি। দল প্রার্থী না করায় মফিদুল তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। এই কেন্দ্রে মূলত লড়াই ঘাসফুলের সঙ্গে খামের। ইতিমধ্যেই আইএসএফের অন্দরে ভাঙন ধরিয়ে জোরকদমে প্রচার করছেন তৃণমূলের তরুণ প্রার্থী বিদেশ। দলত্যাগী প্রার্থীর বিরুদ্ধে জয়ের মার্জিন বাড়ানোই এখন তৃণমূল প্রার্থীর পাখির চোখ। বিদেশ বলেন, এদিন ৩০ হাজারের বেশি জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা। দেগঙ্গার মাটিতে গদ্দারদের কোনো জায়গা নেই।   চলছে সভার প্রস্তুতি।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ