Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রবল উত্তেজনা ভবানীপুরে, বিজেপি প্রার্থীর ‘নির্দেশে’ মারমুখী বাহিনী, জখম একাধিক

ভোটারদের লক্ষ্য করে বিজেপি প্রার্থী প্রথমে জয় শ্রীরাম স্লোগান দেন বলে অভিযোগ। এর পরে শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান।

প্রবল উত্তেজনা ভবানীপুরে, বিজেপি প্রার্থীর ‘নির্দেশে’ মারমুখী বাহিনী, জখম একাধিক
  • ২৯ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

কলকাতা, ২৯ এপ্রিল: প্রবল উত্তেজনা হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে। স্লোগান-পাল্টা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যার সূত্রপাত। প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তাঁর ‘নির্দেশে’ কেন্দ্রীয় বাহিনী বেপরোয়া লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন।

Advertisement

এদিন সকাল থেকেই কালীঘাটে জয়হিন্দ ভবনের বুথে খুব ধীর গতিতে ভোটগ্রহণের অভিযোগ ছিল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অসন্তুষ্ট ছিলেন সাধারণ ভোটাররা। তবে পরিস্থিতি শান্ত ছিল। হঠাৎ তা অগ্নিগর্ভ হয়ে ওঠে বিজেপি প্রার্থী এলাকা পরিদর্শনে আসার পরে। ভোটারদের লক্ষ্য করে তিনি জয় শ্রীরাম স্লোগান দেন বলে অভিযোগ। পাল্টা জয় বাংলা স্লোগান দেন স্থানীয় ভোটাররা। স্লোগান-পাল্টা স্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। 

এই পরিস্থিতিতে ফোন করে আরো কেন্দ্রীয় বাহিনী চাইতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। তাঁকে কমিশনের কাছে নালিশ করতে দেখা যায়, ‘আমি আক্রান্ত। বাহিনী পাঠান।’ কিছুক্ষণের মধ্যে ছুটে আসেন উর্দিধারীরা। তাঁর ‘নির্দেশে’ জওয়ানরা বেপরোয়া লাঠিচার্জ করেন বলে অভিযোগ। ততক্ষণে এলাকা ছেড়ে চলে গিয়েছেন বিজেপি প্রার্থী। বাহিনীর লাঠির আঘাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। একজনের মাথা ফেটে রক্ত বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ জমায়েত সরিয়ে দিলেও এলাকায় উত্তেজনা আছে। জয়হিন্দ ভবন চত্ত্বর ঘিরে রেখেছে বাহিনী।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় লোকজন। তাঁদের বক্তব্য, এই এলাকা শান্তিপূর্ণ। ভোটে আগে কোনোদিন এখানে এমন অশান্তি হয়নি। আজকের ঘটনায় বিস্মিত ভোটাররা। স্থানীয়দের আরো অভিযোগ, কেন্দ্রীয় জওয়ানরা ঘরে ঢুকে ঢুকে মারছে। এমনকী বয়স্ক ব্যক্তিদেরও মারধর হয়েছে।

ক্ষোভ উগড়ে দিয়ে একজন বলেন, ‘আমাদের এখানে কয়েক প্রজন্মের বসবাস। অথচ বিরোধী দলনেতা বলছেন, বাংলাদেশিরা কোথায়! আমরা কি বাংলাদেশি?’ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গোবিন্দ ঘোষাল রোডে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ