Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্যালিফ স্ট্রিট সহ গোটা রাজ্যেই লাইসেন্স ছাড়া পশুপাখি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট

গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটসহ গোটা রাজ্যে লাইসেন্স ছাড়া পশুপাখি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

গ্যালিফ স্ট্রিট সহ গোটা রাজ্যেই লাইসেন্স ছাড়া পশুপাখি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটসহ গোটা রাজ্যে লাইসেন্স ছাড়া পশুপাখি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে গ্যালিফ স্ট্রিটের পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায় এই ব্যবসা করা যাবে। 

Advertisement

এর আগে বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল হাইকোর্ট। এরপর পুলিশি হয়রানির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গালিফ স্ট্রিটের ব্যবসায়ীরা। সেই মামলাতেই হাইকোর্ট রাজ্যকে ফের নির্দেশ দিয়েছে, ব্যবসায়ীদের পশুপাখি বিক্রির বৈধ অনুমতি আছে কি না, তা খতিয়ে দেখে তবেই বিক্রির অনুমতি দিতে হবে। এনিয়ে আগামী ১৪ অক্টোবর ফের সব পক্ষকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের পক্ষে আইনজীবী এদিন জানান, ওই স্থানে যে ধরনের ব্যবসা করা হয়, তাতে লাইসেন্সের প্রয়োজন হয় না। দীর্ঘকাল ধরে ওই এলাকায় ৬০০ জনেরও বেশি ব্যবসা করে আসছেন। কোনো বিরল প্রজাতির প্রাণীর বেচাকেনাও হয় না। তিনি আরও বলেন, ‘ওই এলাকায় বেআইনিভাবে কোনো পশুপাখি বেচাকেনা হচ্ছে কি না, সেটা দেখার ও পুলিশকে সহযোগিতা করার জন্য বনদপ্তরের আধিকারিকদের নিযুক্ত করা হোক। হাইকোর্টে প্রশাসনের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানান, একজন ব্যবসায়ীরও লাইসেন্স নেই । স্টেট অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড এই লাইসেন্স দেয়। কিন্তু কোনো ব্যবসায়ীরই সেই লাইসেন্স নেই। এরপর আপাতত আগামী রবিবার বাজারে বিক্রির অনুমতি দেওয়ার জন্য আবেদন করেন ব্যবসায়ীদের আইনজীবী। যদিও দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর প্রধান বিচারপতি বলেন, ‘কলকাতায় কী হচ্ছে, আপনি জানেন? সাধারণ যাত্রীদের হাঁটার জন্য কোনো ফুটপাথ নেই। সবাই পসরা নিয়ে ফুটপাথে বসে যাচ্ছে। অথচ কারও লাইসেন্স নেই। সরকার এই ব্যবসায়ীদের থেকে কিছু পায় না। আবার সাধারণ মানুষের হাঁটার পথও বন্ধ।’ একথা বলার পরই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে নির্দেশ দেন, সমস্ত ব্যবসায়ীকে প্রয়োজনীয় লাইসেন্স নিতে হবে। তবেই পুলিশ ব্যবসায়ীদের পশুপাখি বিক্রির অনুমতি দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ