নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা ঘটেছিল, তার তদন্তভারও কি যাবে এনআইএর কাছে? এই বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে গত ৫ মে বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির ঘটনায় প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এনআইএ।
বেলডাঙায় অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্ট আগেই এনআইএ-কে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু পূর্বতন তৃণমূল সরকার এনআইএ তদন্তের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করেছিল। বর্তমানে সরকার পাল্টেছে। ফলে এই ব্যাপারে বর্তমান বিজেপি সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট। যদিও এদিনের শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী জানান, এই ঘটনায় এনআইএ তদন্তের ব্যাপারে রাজ্যের কোনো আপত্তি নেই। তবে ইউএপিএ ধারা লাগু করে তদন্তের পদ্ধতিগত বিষয়ে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে কিছু সময় দেওয়ার আরজি জানানো হয়। প্রধান বিচারপতির বেঞ্চ আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে।