Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার অভিযোগ, রাজ্যের বক্তব্য তলব হাইকোর্টে

মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার অভিযোগ, রাজ্যের বক্তব্য তলব হাইকোর্টে
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ আগামী মঙ্গলবার রাজ্যকে এবিষয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। ওইদিন মামলার পরবর্তী শুনানি।  

Advertisement

যদিও এদিন মলার শুনানি চলাকালীন এজলাস কক্ষেই নজিরবিহীন বিবাদে জড়ান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এবং তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সওয়াল-জবাব পর্ব চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ‘চটিচাটা’ বলে কটাক্ষ করেন অ্যাডভোকেট জেনারেল। পাল্টা কল্যাণও এজিকে ‘বুটচাটা’ বলে আক্রমণ শানান। নজিরবিহীন এই বিবাদ থামাতে শেষ পর্যন্ত আসরে নামতে হয়  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে। ক্ষুব্ধ বিচারপতি দুই পক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন ‘আপনারা কোর্ট রুমের বাইরে গিয়ে এই ধরনের ঝগড়া করবেন, এখানে নয়।’ 
এরপর মূল মামলা প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘রাজ্যের নতুন ট্রেন্ড হয়েছে, কোনো বিজ্ঞপ্তি না দিয়ে মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে। আর পুলিশ সেটা কার্যকর করছে। রাজ্যের মসজিদগুলি থেকে চার হাজারেরও বেশি মাইক খোলা হয়েছে। অথচ মাইক নিয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশ রয়েছে।’ পাল্টা এজি সুরজিৎ নাথ মিত্র বলেন, ‘জরিমানা করে এই মামলা খারিজ করা উচিত। কোথায়, কোন পুলিশ অফিসার মাইক খুলতে বলেছেন তা মামলায় উল্লেখ নেই।’ সবশেষে রাজ্যকে এপ্রসঙ্গে তাঁদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ