নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন ও জোর করে জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিবিআই-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। এই জনস্বার্থ মামলায় বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ ৪ নভেম্বরের মধ্যে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি ২৪ নভেম্বরের পরে হবে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তাঁদের গ্রেফতারির দাবিতে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। পরে তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশে গ্রেফতার হয় শেখ শাহজাহান। গ্রেফতার হয় বাকি অভিযুক্তরাও। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। সিবিআই সন্দেশখালি মামলার প্রথম রিপোর্ট আদালতে জমা দিয়েছে। এবার তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।