Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ইচ্ছে করেই নির্দেশ অমান্য করছেন, জেলাশাসককে ভর্ৎসনা হাইকোর্টের

হাইকোর্ট উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ অমান্যের জন্য ভর্ৎসনা করেছে। আদালতে হাজির হতে হবে ২৩ জুলাই। বিস্তারিত পড়ুন।

ইচ্ছে করেই নির্দেশ অমান্য করছেন, জেলাশাসককে ভর্ৎসনা হাইকোর্টের
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি নির্মাণ ও জবরদখল নিয়ে দায়ের হওয়া একটি মামলায় কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়লেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। আদালতে জমা দেওয়া রিপোর্ট দেখে জেলাশাসককে ভর্ৎসনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে জেলাশাসককে সশরীরে হাজির হয়ে ফের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পূর্ববর্তী নির্দেশের বিষয়ে জেলাশাসকের উদাসীনতা প্রসঙ্গে শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, ‘আমাদের মনে হচ্ছে, ইচ্ছে করেই নির্দেশ অমান্য করছেন। তাই সশরীরে আসতে হবে হলফনামা ও রিপোর্ট নিয়ে।’

Advertisement

ভিআইপি রোড ধরে উল্টোডাঙা পর্যন্ত রাস্তার ধারে বেআইনি পার্কিং, অনুষ্ঠানবাড়ি সহ একাধিক বেআইনি নির্মাণের অভিযোগে ২০২২ সালে জনস্বার্থ মামলা করেন জনৈক অর্ধেন্দু নাগ। তাঁর অভিযোগ, নয়ানজুলি বুজিয়ে বেআইনি নির্মাণ করা হয়েছে। সেসব সরিয়ে দখলমুক্ত করার আবেদন জানানো হয়। ২০২২ সালে তৎকালীন জেলাশাসক স্বীকার করে নেন, জবরদখল হয়েছে। তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, জবরদখলের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট দিতে হবে। তারপর জেলাশাসক বদল হয়েছে একাধিকবার। কিন্তু রিপোর্ট জমা পড়েনি। চলতি বছরেই তিনবার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ১৫ জুন বিরক্ত হয়ে আদালত জানিয়েছিল, রিপোর্ট না দিলে জেলাশাসককে ডেকে পাঠাবে আদালত। তারপরও রিপোর্ট আসেনি। এদিন যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেখানে কী পদক্ষেপ করা হয়েছে, তার উল্লেখ নেই। তা দেখেই ক্ষুব্ধ হয় হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘জেলাশাসককে আসতে বলুন। উনি কি নিজেকে ডিভিশন বেঞ্চের চেয়েও বড় মনে করেন? গ্রুপ ডি স্টাফ ফাইল করছেন রিপোর্ট?’ মামলাকারীর আইনজীবী রবীন্দ্রনারায়ণ দত্ত বলেন, ‘কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে তিনবার রিপোর্ট চাওয়া হয়েছে। তাও স্পষ্ট আকারে রিপোর্ট দেননি। আদালত শেষ নির্দেশে সতর্ক করে জানায়, এবার রিপোর্ট ঠিকভাবে না দিলে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হবে। তারপরও সেই নির্দেশ মানা হচ্ছে না।’ 
তারপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, ‘আমাদের মনে হচ্ছে, ইচ্ছে করেই নির্দেশ অমান্য করছেন। তাই তাঁকে সশরীরে আসতে হবে হলফনামা ও রিপোর্ট নিয়ে।’ ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, ‘প্রধান বিচারপতিকে অসম্মান করছেন? আপনি এত ব্যস্ত?’ উত্তর ২৪ পরগনার জেলাশাসকের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।’ এরপরই আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়াকে আদালতে হাজিরার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

Advertisement
সম্পর্কিত সংবাদ