নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বড়সড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। সোমবার একধাক্কায় ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নির্দেশ কার্যকর করতে রাজ্যকে ৭২ ঘণ্টার চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন বিচারপতি।
পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের দায়িত্বভার ছিল সিআইডি হাতে। কীভাবে নিয়োগ হয়েছে, তা জানাতে রাজ্যকে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। কিন্তু সেই প্রশ্নর উত্তর দিতে পারেনি সিআইডি। এদিন সমস্ত নথি খতিয়ে দেখার পর, বিচারপতি নির্দেশ দিয়েছেন, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে। এছাড়া ওই ৩১৩ জন শিক্ষকের সমস্ত তথ্য জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ লঙ্ঘন করে কীভাবে এদের নিয়োগ করা হল, তাও জানতে চেয়েছেন বিচারপতি। তিনি প্রশ্ন তোলেন, ‘এই শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ রয়েছে? এদের শিক্ষাগত যোগ্যতা কী?’ এদিন আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিআইডি। রিপোর্ট দেখে বিচারপতি বলেন, এখনই এই শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। রাজ্য কেন এদের বেতনের ভার বহন করবে?’ আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন আদালতের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানোর কথা বলেছেন বিচারপতি।