নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার বনগাঁয় দুর্গাপজোয় বুক স্টল বসাতে বামেদের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য বনগাঁর পুলিশ সুপার এবং থানার আইসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে। তবে সিঙ্গল বেঞ্চ বলেছে, সিপিএম যেখানে স্টল করতে চাইবে, তার ১০০ মিটারের মধ্যে তাদের বুক স্টল করতে দিতে হবে। আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যার মুখে যাতে পড়তে না হয়, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্তও করতে বলেছেন বিচারপতি ভট্টাচার্য। হাইকোর্টের নির্দেশ মেনে বুকস্টল হল কি না, তা নিয়ে পুলিশ সুপারের কাছে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
এদিকে, বৃহস্পতিবার বেহালায় সিপিআই (এমএল) লিবারেশনের বইয়ের স্টলে আক্রমণ হয়েছে। অভিযোগ, সেখানে লাল পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এর আগে বুধবার হামলা হয় ঢাকুরিয়ায়। ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে লেক থানায় বিক্ষোভ দেখান বামফ্রন্টের নেতারা। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, সিপিআই নেতা প্রবীর দেব সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। আজ, শুক্রবার সকালে ঢাকুরিয়া ব্রিজের কাছেই সিপিএম, সিপিআই ও লিবারেশন বইয়ের স্টল খুলবে।
লিবারেশন নেতা পার্থ ঘোষের অভিযোগ, ‘সন্ধ্যায় একদল লোক এসে বলতে থাকে, বেহালায় লাল থাকবে না। বলে পতাকা খুলে বিজেপির পাতাকা লাগিয়ে দেয়। আমাদের কর্মীরা ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানাতে গিয়েছেন।’ এসইউসিআইয়ের অভিযোগ, সল্টলেক, শ্যামবাজার, কসবা, কেষ্টপুর, বেলাহা চৌরাস্তায় স্টল করতে গিয়ে কখনও প্রশাসন, কখনও দুষ্কৃতীরা বাধা দিচ্ছে। গতকাল রাতে বেলেঘাটা ৩৫ নম্বর ওয়ার্ডে সিপিএমের একটি বুক স্টলে হামলার অভিযোগ ওঠে। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।



