অসমে সরকারি অবহেলাতেই ভয়াবহ বন্যা, জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টের
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: সরকারি অবহেলার কারণেই ফের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম। এমনই অভিযোগ তুলে গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সেরাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক দেবব্রত সাইকিয়া। বৃহস্পতিবার সেই মামলা গ্রহণ করল গুয়াহাটি হাইকোর্ট। আগামী ৩ নভেম্বরের মধ্যে অসম, নাগাল্যান্ড সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

গত জুলাই মাসে ভয়াবহ বন্যায় ভেসেছিল অসমের বিস্তীর্ণ অংশ। জলের তোড়ে ভেসে যায় বাড়িঘর, গবাদি পশু। মৃত্যু হয় অন্তত শতাধিক মানুষের। সেই ঘটনাতেই সরকারের অবহেলার অভিযোগ তুলে মামলা দায়ের করেন বিরোধী দলনেতা। আদালতে সাইকিয়া জানিয়েছেন , ‘২০১৮ সাল থেকে আমি বারবার এই বিষয়ে সরকারকে সতর্ক করেছি। দু’বার গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলাম। ২০১৯ ও ২০২২ সালে অবৈধ খনন রোখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছিল। সরকার সেই নির্দেশগুলি গ্রাহ্য করেনি। ২০২২ সালে জলসম্পদ দপ্তরও এই বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছিল। তারপরেও টনক নড়েনি সরকারের।’
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, সাইকিয়া যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা যথার্থ। কেন বন্যা প্রতিরোধ করা যাচ্ছে না? তার উত্তর সরকারকে দিতেই হবে।