Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নার্সদের পোশাক বদলের রুমে গোপন ক্যামেরা! গ্রেপ্তার ডাক্তার

ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সদের পোশাক বদলের রুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগে ডাক্তার গ্রেপ্তার। নার্সদের বিক্ষোভ ও তদন্ত চলছে। বিস্তারিত পড়ুন।

নার্সদের পোশাক বদলের রুমে গোপন ক্যামেরা! গ্রেপ্তার ডাক্তার
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: নার্সদের পোশাক বদলের রুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগে গ্রেপ্তার ইটাহার গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসক। এই অভিযোগ সামনে আসতেই মঙ্গলবার হাসপাতালে বিক্ষোভ দেখান নার্স সহ তাঁদের পরিজনরা। অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি ও লাইসেন্স বাতিলের দাবিতে সরব হয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। লিখিত অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। আইসি অভিষেক তালুরদার বলেন, অভিযুক্ত চিকিৎসকের গাড়ি, ব্যাগ সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে। স্পাই ক্যামেরার খোঁজ চলছে। 

Advertisement

নার্সদের বক্তব্য, পোশাক বদলের ঘরে কলমের মধ্যে গোপন ক্যামেরাটি ছিল। গত ১০ জুন কর্তব্যরত এক নার্সের বিষয়টি নজরে আসে। তিনি হাসপাতালের পোশাক বদলের রুমে ঢুকতেই টেবিলে কলমটি দেখতে পান। সেই কলমটি কোনো সহকর্মীর ভেবে ওই নার্স তা রেখে দেন। কিছুক্ষণ পরে অভিযুক্ত চিকিৎসক নার্সকে ফোন করে কলমটি তাঁর বলে দাবি করেন। এরপর ওই নার্স না বুঝে চিকিত্সককে কলমটি দিয়েও দেন। কিন্তু পরে কলমটিতে রঙিন আলো জ্বলতে দেখে সন্দেহ হয় নার্সের। এরপরই সহকর্মীদের বিষয়টি জানান ওই নার্স। এরপর সমস্ত নার্স অভিযুক্ত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি প্রথমে কলমে ক্যামেরা রাখার অভিযোগ অস্বীকার করেন। গত সোমবার নার্সরা বিষয়টি বিএমওএইচ মনুগোড়া ফেবরিট এক্কাকে জানান। সেখানে চাপে পড়ে মুচলেকা দিয়ে স্পাই ক্যামেরা রাখার অভিযোগ স্বীকার করেন ওই চিকিৎসক। কিন্তু তারপরও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার নার্স ও তাঁদের পরিজনরা বিক্ষোভ দেখান। নার্সদের পরিজনদের বক্তব্য, স্পষ্ট বোঝা যাচ্ছে, নার্সদের অবর্তমানে ওই ডাক্তার চেঞ্জিং রুমে ঢুকতেন। অভিযুক্ত চিকিত্সকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন বিজেপির জেলা সম্পাদিকা নেত্রী সবিতা বর্মনও।
নার্স অঙ্কিতা সাহা, রিয়া সাহাদের বক্তব্য, মহিলা কর্মীদের সম্মান নিয়ে ছেলেখেলা করেছেন ওই চিকিৎসক। আমরা অভিযুক্ত ডাক্তারের শাস্তি ও রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানাচ্ছি। বিক্ষোভের পর জেলা স্বাস্থ্য দপ্তর তড়িঘড়ি তিনজনের তদন্ত কমিটি গঠন করে। বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে আসেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার। পুলিশও ঘটনাস্থলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। উত্তর দিনাজপুরের ডেপুটি সিএমওএইচ অপূর্ব দাস বলেন, নার্সদের অভিযোগ গুরুতর। আমরা সিএমওইচের নির্দেশে বিভাগীয় তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন। বিক্ষুব্ধদের রোষের হাত থেকে অভিযুক্ত ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। • অভিযুক্তকে নিয়ে যাচ্ছে পুলিশ। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ