দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে দড়ি টানাটানির অবসান ঘটল। হাইব্রিড মডেলেই হবে মিনি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারত ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। খুব সম্ভবত দুবাইয়ে হতে পারে ভারত-পাক মহারণ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবও মেনে নিয়েছে আইসিসি। ২০২৭ পর্যন্ত ভারতে অনুষ্ঠেয় আইসিসি’র কোনও টুর্নামেন্টে খেলতে যাবে পাকিস্তান। তারাও হাইব্রিডে মডেলে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।
Advertisement
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু বিসিসিআই আগেই জানিয়ে দেয়, নিরাপত্তার কারণে দল পাঠানো হবে না। পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে তারা খেলতে আগ্রহী। এভাবেই হয়েছিল এশিয়া কাপ। তবে পাকিস্তান প্রথম দিকে ভারতের প্রস্তাব মানতে রাজি হচ্ছিল না। উল্টে তারা ভারতকে ছাড়াই টুর্নামেন্ট করার হুমকি দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রস্তাব সটান নাকচ করে দেয় আইসিসি। কারণ, সম্প্রচারকারী চ্যানেল জানিয়ে দেয়, ভারতকে ছাড়া কোনও টুর্নামেন্ট ভাবা যায় না। পরিস্থিতি বেগতিক দেখে, পিসিবি নতুন পদক্ষেপ গ্রহণ করে। তারা জানায়, ভারত যদি হাইব্রিড মডেলের সুবিধা পায়, তাহলে একই সুবিধা আমাদেরও দিতে হবে। অবশেষে তাতেই সিলমোহর পড়ল।



