দুবাই: অবশেষে কাটল চ্যাম্পিয়ন্স ট্রফির জট। মেগা আসরে খেলতে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভারতের সব ম্যাচ। আগামী দিনে পাকিস্তানও ভারতে দল পাঠাবে না। ২০২৪-২০২৭ চক্রে দুই প্রতিবেশি দেশের জন্য হাইব্রিড মডেলই কার্যকর থাকবে। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এই খবর জানিয়েছে আইসিসি।
Advertisement
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে নভেম্বরেই ভারত জানিয়ে দেয়, প্রতিবেশী দেশে টিম পাঠাবে না। তখনই হাইব্রিড মডেলের তত্ত্ব সামনে আসে। এশিয়া কাপেও পাকিস্তানে যায়নি টিম ইন্ডিয়া। রোহিতদের ম্যাচগুলি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। তবে ২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারতে দল পাঠিয়েছিল পাকিস্তান। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি হচ্ছিল না পিসিবি। যার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা বিলম্বিত হয়, যা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশিত হওয়ার কথা ছিল। একাধিকবার আলোচনার পর শেষ পর্যন্ত ঢোক গেলে পাকিস্তান। হাইব্রিড মডেল মানলেও কয়েকটি শর্ত দেয় পাক বোর্ড। তার মধ্যে অন্যতম, ভবিষ্যতে ভারতে দল না পাঠানোর পরিকল্পনা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ সে দেশে না হওয়ায় আইসিসি’র কাছে ক্ষতিপূরণও দাবি করে পিসিবি। এছাড়া একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব দাবি করে তারা। ক্ষতিপূরণের বিষয়ে কিছু জানা না গেলেও ২০২৮-৩১ চক্রে পাকিস্তানকে মহিলা টি-২০ টুর্নামেন্টে আয়োজনের সত্ত্ব দিয়েছে আইসিসি। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি ইউএই বা শ্রীলঙ্কায় হতে পারে।



