নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: টোটো চালকের ছদ্মবেশে বাঁকুড়ায় মাদকের কারবার চালানোর অভিযোগে বমাল যুবককে গ্রেপ্তার করল পুলিশ। যুবককে জেরা করে তার স্ত্রী ও এক শাগরেদকে পুলিশ পাকড়াও করেছে। ধৃতদের নাম শুভাশিস সিংহ ওরফে সুনীল, মিতালি সিংহ ও সোনু লোহার। শুভাশিস ও মিতালি বাঁকুড়া শহরের বিডিআর রেল কলোনির বাসিন্দা। সোনুর বাড়ি শহরের ইন্দারাগোড়া এলাকায়। শুক্রবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক আটদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। গত এক মাসে বাঁকুড়া জেলা পুলিশ প্রায় তিন কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করেছে। গাঁজার পর এবার শহরে মাদক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ বলেন, ধৃতদের কাছ থেকে ছ’গ্রাম হেরোইন ও কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে মাদক আনা হয়েছে, তা জানতে হেপাজতে থাকাকালীন ধৃতদের জেরা করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভাশিস বাঁকুড়া শহরে টোটো চালাত। তার আড়ালেই সে মাদকের কারবার ফেঁদে বসেছিল। টোটো চালানোর সুবাদে শহর ও আশাপাশের এলাকায় তার যাতায়াত ছিল। টোটোর সিটের নীচে সে মাদক লুকিয়ে রাখত। আগে থেকেই ক্রেতা তথা মাদকাসাক্তদের সে জায়গা বলে রাখত। নির্দিষ্ট স্থানে গিয়ে তাদের হাতে মাদকের পুরিয়া তুলে দিত। সম্প্রতি চাহিদা বেড়ে যাওয়ায় শুভাশিস শাগরেদ জুটিয়েছিল। সোনু তার হয়ে মাদক সরবরাহ করত। ওই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। ওই চক্রের সদস্যদের কাছে আরও মাদক রয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। সেই সব উদ্ধার করার চেষ্টা চলছে।