ওসলো: ইংল্যান্ডদের বিরুদ্ধে স্বপ্নভঙ্গের রেশ বোধহয় তখনও কাটেনি। তবে বিমানে দেশে ফিরতেই বীরের সংবর্ধনা পেলেন আর্লিং হালান্ডরা। নরওয়ে ফুটবল টিমের বিমান দেশে পৌঁছাতেই জলকামানের মাধ্যমে স্বাগত জানানো হয় ওডেগার্ডদের। চমক আরও বাকি। বিমানবন্দর থেকে বেরতেই অবাক সোলবাকেনের ছেলেদের। তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতে রাস্তায় অনুরাগীদের ঢল। হালান্ডদের জমকালো সংবর্ধনা জানাল প্রায় ১০ হাজার মানুষ। সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ফুটবলাররা।
দীর্ঘ ২৬ বছর পর ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল নরওয়ে। আর্লিং হালান্ডদের ঘিরে তেমন কারো প্রত্যাশা ছিল না। কিন্তু সবাইকে চমকে ভাইকিংরা হয়ে উঠেছিল মেগা আসরের ডার্ক হর্স। নক-আউটে পৌঁছানো তো কিছুই নয়। শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলকে ছিটকে দিয়েছে ‘ডার্ক হর্স।’ কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের কাছে বশ মানলেও হালান্ড-ওডেগার্ডদের লড়াই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।
নরওয়ে ছাড়া সুইৎজারল্যান্ডও কোয়ার্টার-ফাইনালে পৌঁছে চমক দিয়েছিল। মেসিদের কাছে হারলেও গ্রানিত জাকাদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে ফুটবলবিশ্ব। দেশে ফিরেও সংবর্ধনা পেলেন এমবোলোরা।