নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেউ টানা তিনবারের বিধায়ক এবং মন্ত্রী। কেউ দীর্ঘদিনের রাজনীতিবিদ। জিতেছেন একাধিক নির্বাচনও। এমন বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রী থেকে বিধায়ক ধরাশায়ী হলেন এবারের ভোটে। তালিকায় রয়েছেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা থেকে ভাঙড়ের শওকত মোল্লা। লড়াই করেও পরাস্ত হতে হয়েছে তাঁদের। গণনার সকালে ইভিএম খুলতেই যেভাবে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল বিজেপি তাতে আশঙ্কা করা হচ্ছিল যে, জেলায় বড় উইকেট পড়তে পারে। পরে হলোও ঠিক তাই। প্রবীণ বিধায়ক, সাগরের ভূমিপুত্র এবং মন্ত্রী বঙ্কিম হাজরা পরাস্ত হলেন প্রথমবার ভোটের ময়দানে নামা বিজেপির সুমন্ত মণ্ডলের কাছে।
অন্যদিকে, এবার সবার নজর ছিল ভাঙড়ে। নিজের গড় ক্যানিং পূর্ব ছেড়ে আইএসএফের নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শওকত মোল্লা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাও করেছিলেন ভাঙড়ে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। এদিন সন্ধ্যায় প্রায় ৩০ হাজার ভোটে পিছিয়ে পড়েন শওকত। শুরুর কয়েক রাউন্ড বাদ দিয়ে একচেটিয়া লিড পেয়েছেন ভাইজান। প্রথমদিকে শওকত এগিয়ে গেলেও পরে আইএসএফ প্রার্থীই এগতে থাকেন। আর ফিরে আসতে পারেননি শওকত। গণনা শেষ হওয়ার আগেই যাদবপুর এপিসি পলিটেকনিক কলেজের অদূরে বেগুনি আবির মেখে উল্লাসে মেতে ওঠেন কর্মী, সমর্থকরা। শওকত হারলেও তাঁর শিষ্য বাহারুল ইসলাম অবশ্য ক্যানিং পূর্ব থেকে জয়ের পথে। সন্ধ্যা পর্যন্ত সেরকমই ট্রেন্ড ছিল।
তবে তৃণমূলের মুখ রক্ষা করেছেন বিষ্ণুপুরের জোড়াফুলের প্রার্থী দিলীপ মণ্ডল। অভিজ্ঞ এই বিদায়ী মন্ত্রী প্রায় ৩৫ হাজার ভোটে জিতেছেন।