পরপর গভীর নিম্নচাপের কারণেই বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে: হাওয়া অফিস
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি অনেকটাই নিম্নচাপ নির্ভর। তাই এবার এল নিনোর ভ্রূকুটি থাকা সত্ত্বেও বর্ষার চার মাসে দক্ষিণবঙ্গে দীর্ঘকালীন গড়ের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। এই সময়কালে  বঙ্গোপসাগরে  মোট ৬টি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এবারের বর্ষাকালে দেশের অনেক জায়গায় বৃষ্টির প্রচুর ঘাটতি ছিল। এল নিনোসহ আরও কয়েকটি নেতিবাচক প্রভাবে এটা হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে কিন্তু বিপরীত চিত্র। নিম্নচাপগুলির কোনো প্রভাব উত্তরবঙ্গে পড়েনি। তাই সেখানে দীর্ঘকালীন গড়ের থেকে কম বৃষ্টি হয়েছে। এবারের বর্ষা মরশুম নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর একটি বিশ্লেষণী রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই একথা জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন,  নিম্নচাপ ঠিকমতো হলে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়। এবার তাই হয়েছে। এল নিনোর প্রভাবে এখানে পড়েনি।

Advertisement

রাজ্যে এবার সার্বিকভাবে দীর্ঘকালীন গড়ের থেকে ১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গত ৫০ বছরের নিরিখে রাজ্যে মোট গড় স্বাভাবিক বৃষ্টিপাত ১৩৪৪.২ মিমি। সেখানে এবার ১৩৫৯.৯ মিমি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত গড়ের তুলনায় ২০ শতাংশ বা তার বেশি হলে অতিরিক্ত হিসাবে চিহ্নিত হয়। দক্ষিণবঙ্গে এবার এরকম ৪টি জেলা হল পূর্ব মেদিনীপুর (৪৮ শতাংশ), পশ্চিম মেদিনীপুর (৪০ শতাংশ), উত্তর ২৪ পরগনা (২৯ শতাংশ) ও কলকাতা (২৮ শতাংশ)। বৃষ্টিপাতের পরিমাণগত নিরিখে অবশ্য কলকাতার স্থান পূর্ব মেদিনীপুরের পরেই ছিল। গড়ের তুলনায় ২০ শতাংশ কম বৃষ্টি হলে তা ঘাটতি হিসেবে ধরা হয়। এই নিরিখে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর (৩৩ শতাংশ), মালদহ (২৯ শতাংশ),  জলপাইগুড়ি (২৬ শতাংশ), দক্ষিণ দিনাজপুর (২৫ শতাংশ) ও দার্জিলিং (২১ শতাংশ) ঘাটতি জেলা ছিল। দক্ষিণবঙ্গে একমাত্র ঘাটতি জেলা ছিল নদীয়া (২১ শতাংশ)। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় সার্বিকভাবে ঘাটতি হলেও বৃষ্টিপাত ভালোই হয়েছে।  নিজস্ব চিত্র