Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী, ভোগান্তি রেল-আকাশ-রাজপথে

নির্ধারিত সময়ের থেকে ১২ দিন আগে বর্ষা ঢুকেছে মুম্বইয়ে। রবিবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। যা জারি আছে সোমবার সকালেও।

বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী, ভোগান্তি রেল-আকাশ-রাজপথে
  • ২৬ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

মুম্বই, ২৬ মে: নির্ধারিত সময়ের থেকে ১২ দিন আগে বর্ষা ঢুকেছে মুম্বইয়ে। রবিবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। যা অব্যাহত সোমবার সকালেও। আর এই টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত দেশের বাণিজ্যনগরী। জল জমে গিয়েছে শহরের বেশ কিছু এলাকায়। যার জেরে শ্লথ হয়েছে গাড়ির চাকা। বিপর্যস্ত মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন। পাশাপাশি উড়ান পরিষেবাও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। ফলে ভোগান্তি সাধারণ মানুষের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। উল্টে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সরকারি আধিকারিকদের।

Advertisement

কুরলা, সিওন, দাদর ও পারেলের মতো মুম্বইয়ের নীচু এলাকাগুলিতে এদিন সকালে জল জমে গিয়েছে। সেই জল-ছবিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। জমা জলের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গ্র্যান্ট রোডে নথিভুক্ত হয়েছে ৩৬ মিলিমিটার বৃষ্টি। তুলনামূলকভাবে পূর্ব মুম্বই ও পশ্চিম উপকণ্ঠে বৃষ্টি হয়েছে কম।
বৃষ্টির জেরে রাজপথের পাশাপাশি উড়ান পরিষেবার উপরে ব্যাপক প্রভাব পড়েছে। বহু উড়ান দেরিতে চলছে। বিমানবন্দরের পথে রওনা দেওয়ার আগে যাত্রীদের উড়ানের স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে বিভিন্ন সংস্থা। দুর্ভোগের একই ছবি রেলপথেও। বহু স্থানে রেললাইনে জল জমে যাওয়ায় বিপর্যস্ত হয়েছে মুম্বইয়ের লাইফলাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন। এই মুহূর্তে ট্রেনগুলি গড়ে ৫ থেকে ১০ মিনিট দেরিতে চলছে বলে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ