নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষদিকে পশ্চিমবঙ্গ-ওড়িশা লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তার দরুন হতে পারে নিম্নচাপও। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। কয়েকদিন আগে এই এলাকায় একটি অতিগভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। সেটি বৃহস্পতিবার সকালেও পশ্চিম ছত্তিশগড় এবং লাগোয়া মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার উপর অতিগভীর নিম্নচাপই ছিল। এর প্রভাবে মধ্য ভারতে প্রচুর বৃষ্টি হচ্ছে ও হবে। আপাতত এরাজ্যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ৪-৫ আগস্ট দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে এখন হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলছে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর না-থাকলেও কাছাকাছিই আছে। তার জন্য বর্ষা এখানেও কিছুটা সক্রিয়। তবে অক্ষরেখার অবস্থান পরিবর্তনের জন্য মাঝে কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। ফের অক্ষরেখার অবস্থান পরিবর্তনের জন্য ৪-৫ আগস্ট থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। বর্ষাকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে পূর্ব ছাড়াও মধ্য ও উত্তর ভারতের একটি বড়ো অংশ জুড়ে বৃষ্টিপাত বাড়ে। বর্ষার প্রথম মাস জুনে এবার একটিও নিম্নচাপ হয়নি। জুনে দেশের এই অংশে বৃষ্টির ঘাটতির কারণ ছিল এটি। জুলাই মাসে তিনটি নিম্নচাপ হয়েছে বঙ্গোপসাগরে। এর মধ্যে দুটি বেশি শক্তিশালী ছিল। তিনটি নিম্নচাপেরই গতিপথ মোটামুটি এক ছিল। পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে দক্ষিণবঙ্গ-ঝাড়খণ্ড একটু ছুঁয়ে ওড়িশা হয়ে মধ্য ভারতের দিকে গিয়েছে।



