নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবারব ভোটগণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বেশি মাত্রায় ঝড়বৃষ্টির সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর। এদিন দুপুর থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রমেঘের সঞ্চার হয়। এই জেলাগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া ও নদীয়া। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, নদীয়া, পশ্চিম বর্ধমান, হুগলি জেলার কিছু এলাকায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে জোরালো হাওয়া বইলেও ভোটগণনা পর্বের উপর তার বিশেষ কোনো প্রভাব পড়েনি।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস এদিন সন্ধ্যায় জানান, কলকাতা ও লাগোয়া এলাকায় রাতের দিকে বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। একাধিক জেলায় বেশি মাত্রার ঝড়বৃষ্টি সম্ভাবনা থাকায় আজকের জন্যও ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিকর্তা আরো জানিয়েছেন, বুধবার থেকে ঝড়বৃষ্টির মাত্রা কমবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ অক্ষরেখা ও ওড়িশা এবং ছত্তিশগড়ের উপর দুটি ঘূর্ণাবর্ত থাকার জন্য বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়েই। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি হয়েছে মূলত উত্তরবঙ্গে। কালিম্পংয়ে সবথেকে বেশি ৭০ মিমি বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় এদিন সর্বোচ্চ (৩৪ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন (২৬ ডিগ্রি) তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল।