Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী  বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত

দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী  বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবারই উত্তর বঙ্গোপসাগর ও লাগোয়া দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী দিনে এই ঘূর্ণাবর্তটির  গতিপ্রকৃতি এবং আরও একাধিক বিষয়ের উপর নির্ভর করছে—দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কতটা বেশি হবে। আপাতত ১৭ জুলাই, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ওইসময়ে সমুদ্রে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

সোমবার বেলা বাড়ার পর কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি বেড়েছে। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় চলছে ব্যাপক বর্ষণ। সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে আলিপুরদুয়ার জেলার হাসিমারায় সবচেয়ে বেশি ২৪০ মিমি বৃষ্টি হয়েছে। উদ্বেগের আরও কারণ হল, সোমবার সারাদিনের জন্য আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কিছু অঞ্চলে মাত্রাতিরিক্ত বৃষ্টির ‘লাল’ সতর্কতা ছিল। ওই দুটি জেলা ছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের (পাহাড় ও সংলগ্ন) পাঁচ জেলায়।
সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কাঁথিতে শুধু বেশি পরিমাণে বৃষ্টি (৭০ মিমি) হয়েছে। তবে বেলা গড়াতেই কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃষ্টির ঘনমেঘ তৈরি হয়। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমান জেলার কিছু জায়গার জন্য ‘কমলা’ সতর্কতাও জারি করে আবহাওয়া দপ্তর। কলকাতায় সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ১৯ মিমি বৃষ্টি হয়েছে। 
বাংলাদেশের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি এখন উত্তর বঙ্গোপসাগরের উপর চলে এসেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দীর্ঘকালীন পূর্বাভাসে আগেই জানিয়েছিল যে, চলতি সপ্তাহে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ঘূর্ণাবর্তটির পরিস্থিতি পর্যালোচনা করে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টি কতটা বাড়বে তা আজ মঙ্গলবার আরও নির্দিষ্টভাবে বলা যাবে। বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানগত পরিবর্তনও আগামী কয়েকদিনের বৃষ্টির মাত্রার উপর প্রভাব ফেলবে। আবহাওয়া দপ্তর আপাতত জানাচ্ছে—আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। ১৭ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ