নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে। যার ফলে বিপর্যস্ত জনজীবন। সোমবার জাতীয় সড়ক ১০-এর ওপর বারডাং-এর কাছে ২০ মাইলে ভূমিধসের ঘটনা ঘটেছে। যার ফলে ওই পথে যান চলাচল ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

পাশাপাশি অবিরাম বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। তার ফলে তিস্তা বাজারের কাছে নদীর জল উপচে রাস্তায় উঠে এসেছে। এর জন্য, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিস্তা বাজারের সঙ্গে দার্জিলিং সংযোগকারী রাস্তাটিতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জলস্তর কমে না আসা এবং স্বাভাবিক যান চলাচলের পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত যাত্রীদের এই পথটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
শুধু উত্তরবঙ্গেই নয়, লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিমেরও বিভিন্ন প্রান্ত। সোমবার সকালে সিকিমের লেগশিপের ঠিক ওপরের অংশে ভূমিধস হয়েছে। ফলে গেজিং-লেগশিপ রাস্তাটিকেও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে জারি থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়িতে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।