Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তাপপ্রবাহ উত্তরবঙ্গেও, সরকারি স্কুলে সকালে ক্লাস চালুর নির্দেশ

গরমে অসুস্থ ছাত্রদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের সরকারি স্কুলগুলোতে সকাল ৬টায় ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। বিস্তারিত পড়ুন।

তাপপ্রবাহ উত্তরবঙ্গেও, সরকারি স্কুলে সকালে ক্লাস চালুর নির্দেশ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: গরমে পুড়ছে উত্তরবঙ্গ। মঙ্গলবার জলপাইগুড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। প্রায় একই অবস্থা ছিল কোচবিহার থেকে শিলিগুড়ি সর্বত্র। এই পরিস্থিতিতে দুপুরে স্কুল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে খুদে পড়ুয়ারা। তাদের কথা মাথায় রেখে স্কুলে সকালে পঠনপাঠনের নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। 

Advertisement

জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় জানিয়েছেন, শিক্ষাদপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, আপাতত দু’সপ্তাহের জন্য সমস্ত প্রাইমারি স্কুল সকাল সাড়ে ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত হবে। পরিস্থিতি বুঝে জারি করা হবে পরবর্তী নির্দেশিকা। জেলার ডিআই (মাধ্যমিক) সুজিত সরকার জানিয়েছেন, যেসব স্কুলে মর্নিংয়ে প্রাথমিকের পঠনপাঠন হয় না তারা চাইলে সকালে ক্লাস করাতে পারে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ারের সমস্ত স্কুল আজ থেকে আগামী দু’সপ্তাহ মর্নিং শিফটে হবে বলে ডিআই অফিস সূত্রে জানা গিয়েছে।   
জলপাইগুড়ি জেলায় ১২০৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষাদপ্তরের এই নির্দেশিকায় খুশি শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরা। তাঁদের দাবি, বেশিরভাগ প্রাইমারি স্কুলে টিনের চাল। তাছাড়া সব স্কুলে সিলিং ফ্যান সংখ্যা যথেষ্ট নয়। সেদিক থেকে স্কুল ছুটি না দিয়ে সকালে পঠনপাঠনের নির্দেশ দেওয়া সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন শিক্ষকদের অনেকেই।  
জলপাইগুড়ির ডিআই (প্রাথমিক) শ্যামলচন্দ্র রায় বলেন, হাইস্কুল অ্যাটাচ যেসব প্রাইমারিতে বরাবর সকালে স্কুল হয়, তারা নিজেদের সময় মেনেই ক্লাস করাবে। জলপাইগুড়ি দেশবন্ধুপাড়া আরআর ২ নম্বর প্রাইমারি স্কুলের প্রধান  শিক্ষিকা সঙ্গীতা রায় সান্যাল বলেন, পড়ুয়ারা খুবই কষ্ট পাচ্ছিল। শিক্ষাদপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দোমোহনি কাঁঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনালি সিং বলেন, গরমে আমাদের স্কুলের পড়ুয়ারা খুবই কাহিল হয়ে পড়ছিল। মঙ্গলবার বাধ্য হয়ে ক্লাসরুম ছেড়ে পাশের বাঁশবাগানে বসে পড়াতে হয়। স্কুলে দূর থেকে অনেক শিক্ষক আসেন। তাঁরা সকাল সাড়ে ৬টার মধ্যে কীভাবে পৌঁছবেন, সেটাই এখন চিন্তার। 
কোচবিহার জেলার সমস্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল আজ থেকে সকালে হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক ও মাধ্যমিক) রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, প্রচন্ড গরমের কারণে জেলার সবস্তরের বিদ্যালয় মর্নিং শিফটে হবে। 
প্রচণ্ড গরমের কারণে রাজ্য সরকার মর্নিং শিফটে স্কুলগুলির পঠনপাঠন চালুর নির্দেশ দেওয়ায় খুশি আলিপুরদুয়ারের শিক্ষা মহল। জেলার সব স্তরের সরকারি স্কুল আজ থেকে মর্নিং শিফটে হবে। এবিপিটিএ’র জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন, এই সিদ্ধান্তে পড়ুয়ারা গরমের কষ্ট থেকে রেহাই পাবে। তবে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সেলের জেলা সভাপতি ভাস্কর মজুমদার বলেন, হাইস্কুল গুলির ক্ষেত্রে মর্নিং শিফটে পঠন পাঠনে সময়ের একটু অভাব হবে ঠিকই তবে পড়ুয়াদের স্বার্থে মোটের উপর এই সিদ্ধান্ত ভালো হয়েছে। 
যদিও শিলিগুড়ি শিক্ষা জেলার ডিআই অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাদের কাছে কোনো নির্দেশিকা আসেনি। বুধবার নির্দিষ্ট সময়েই স্কুল হবে। নির্দেশিকা এলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ