নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমী গরম হাওয়া বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করার জেরে বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা (৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস) সবথেকে বেশি ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৯ ডিগ্রি বেশি হওয়ায় তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি ছিল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আরও কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তার মধ্যে কলকাতার কাছাকাছি দমদম এবং বারাকপুর আছে। সেখানে অবশ্য তাপপ্রবাহ পরিস্থিতি হয়নি। আগামী শনিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার মুর্শিদাবাদের জন্য এই সতর্কবার্তা আছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যত্র তীব্র গরম থাকবে।



