নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লক্ষ্মীপুজোর পরই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় বিস্তারিত শুনানি হবে। শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা শুনানির জন্য উঠলেও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ জানিয়ে দিল আগামী ২৭ অক্টোবর মূল মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে।
ডিএ নিয়ে জটিলতা কাটাতে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার সভাপতিত্বে বিশেষ কমিটি গড়ে দেয়। যদিও কমিটি সবপক্ষের সঙ্গে কথা বলা শেষ করতে পারেনি বলেই খবর। গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ পাননি। সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে কিছু অভিযোগ আছে। তাই শীর্ষ আদালতও এদিন মামলার শুনানি করল না।



