Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ উত্তরবঙ্গ মেডিকেলে আসতে পারেন স্বাস্থ্যমন্ত্রী

আজ, শনিবার স্বাস্থ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে শুক্রবার তড়িঘড়ি দায়িত্ব নিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন প্রিন্সিপাল এবং নতুন মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি)।

আজ উত্তরবঙ্গ মেডিকেলে আসতে পারেন স্বাস্থ্যমন্ত্রী
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: আজ, শনিবার স্বাস্থ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে শুক্রবার তড়িঘড়ি দায়িত্ব নিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন প্রিন্সিপাল এবং নতুন মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি)। ফলে এক বছর দু’মাস পর স্থায়ী সুপার পেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে হাসপাতাল জুড়ে এদিন ছিল ব্যাপক তৎপরতা। 

Advertisement

গত ২১ জুলাই স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের এমএসভিপি অধ্যাপক ডাঃ সুজয় মিস্ত্রিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল করা হয়েছে। বিদায়ী প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ সঞ্জয় মল্লিককে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল হিসাবে বদলি করা হয়েছে। 
একই সঙ্গে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ কৌশিক ঈশ্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব নেন। এর ফলে প্রায় এক বছর দু’মাস পর হাসপাতাল স্থায়ী সুপার পেল। 
আজ, শনিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শনে আসতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। সেই আবহেই হাসপাতালজুড়ে শুরু হয় ব্যাপক প্রস্তুতি। হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ওয়ার্ডে ঘুরে বেড়ানো বিড়াল সরানোর উদ্যোগ নেওয়া হয়। মেডিসিন-১ ও মেডিসিন-২ ওয়ার্ডের নার্সরাও লিখিতভাবে বিড়াল অপসারণের আবেদন জানান হাসপাতাল কর্তৃপক্ষকে। যাতে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। 
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে তৎকালীন প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা পদোন্নতি পেয়ে রাজ্যের স্বাস্থ্য-চিকিৎসা অধিকর্তা হওয়ার পর থেকে ডাঃ সঞ্জয় মল্লিক একইসঙ্গে প্রিন্সিপাল ও হাসপাতাল সুপারের দায়িত্ব সামলাচ্ছিলেন। দীর্ঘদিন এক ব্যক্তির উপর দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় প্রশাসনিক কাজ ও হাসপাতালের পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছিল। নতুন স্থায়ী সুপার এবং প্রিন্সিপালের যোগদানে সেই সমস্যার সমাধানের আশা করছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। 
এদিন সকালে নতুন এমএসভিপি ডাঃ কৌশিক ঈশ্বর দায়িত্ব গ্রহণ করেন। পরে দুপুরে কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে শিলিগুড়ি পৌঁছে দায়িত্ব নেন নতুন প্রিন্সিপাল ডাঃ সুজয় মিস্ত্রিও।

Advertisement
সম্পর্কিত সংবাদ