নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘চূড়ান্ত অপরিচ্ছন্ন আর জি কর মেডিকেল কলেজ। ইনডোর থেকে হস্টেল, আউটডোর থেকে ট্রমা সেন্টার—হাসপাতালের সর্বত্র নোংরা পড়ে রয়েছে। ৪৮ ঘণ্টা সময় দিলাম। যদি তার মধ্যে পরিবর্তন না হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ শনিবার দুপুরে সাংবাদিকদের একথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। এদিন আচমকাই তিনি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মেডিকেল কলেজ পরিদর্শনে যান। বি সি রায় বাড়ি, ট্রমা বাড়ি, কার্ডিওলজি বাড়ি, গাইনি বাড়ি, পিজিটি মেয়েদের হস্টেল, ছেলেদের হস্টেলসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। দুপুর ১২টা নাগাদ এসেছিলেন। প্রায় তিন ঘণ্টা হাসপাতালে ছিলেন তিনি। এই সময়ে বহু রোগী এবং বাড়ির লোকজনের সঙ্গে দেখা করেন। হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার বিষয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনেন। তারপর সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘হাসপাতালের সবচেয়ে পজিটিভ যে বিষয়টি চোখে পড়েছে, তা হল এখানকার সুরক্ষার দিকটি। কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ খুব ভালো কাজ করছে। কিন্তু মুদ্রার অপর পিঠে আছে হাসপাতালের অপরিচ্ছন্নতা। যেখানেই গিয়েছি, অসম্ভব অপরিচ্ছন্ন। সাফাইয়ের দায়িত্বে থাকা কর্মী-আধিকারিকদের বিষয়টি জানিয়েছি। কড়া ব্যবস্থা নিতে চাই না। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে মঙ্গল বা বুধবার ব্যবস্থা নিতে বাধ্য হব।’



