নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক হাসপাতাল থেকে অন্য এক হাসপাতালে ইউএসজি মেশিন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সে কাজের জন্য শাস্তি পেল একটি বেসরকারি হাসপাতাল। বজবজের নোদাখালির সেই হাসপাতালটির ইউএসজি মেশিন ব্যবহারের লাইসেন্স বাতিল করল দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলা। জানা গিয়েছে, একই মালিকের দু’টি হাসপাতাল আছে নোদাখালি ও ডায়মন্ডহারবারে। নিয়ম অনুযায়ী, ইউএসজি মেশিন বসিয়ে পরিষেবা দেওয়ার জন্য অনুমতি নিতে হয়। স্বাস্থ্য জেলার থেকে সে অনুমোদন পাওয়ার পর পরিষেবা শুরু করেছিল নোদাখালির হাসপাতালটি। কিন্তু অভিযোগ, ডিসেম্বরে কাউকে না জানিয়ে বিনা অনুমতিতে মেশিনটি নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবারের নার্সিংহোমে। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য জেলার পক্ষ থেকে তদন্ত হয়। প্রথমে শোকজ করা হয়েছিল কর্তৃপক্ষকে। বুধবার হিয়ারিংয়ে ডাকা হয় তাদের। কিন্তু কোনো সদুত্তর না মেলায় শেষপর্যন্ত ওই হাসপাতালের ইউএসজি ব্যবহার করার লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানেই বিতর্ক থামেনি। ইউএসজি মেশিনটি ডায়মন্ডহারবারে সেবাশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল বলেও উঠেছে অভিযোগ। অভিযোগ হওয়ার পর মেশিনটি বাজেয়াপ্ত করা হয়েছে।



