নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: দানের রক্ত ও রক্তের উপাদান ভিনরাজ্যে পাচারের অভিযোগ ঘিরে তৎপর রাজ্য স্বাস্থ্যদপ্তর। সেই অভিযোগের জেরেই মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে হানা দিল স্বাস্থ্য দপ্তরের পাঁচ সদস্যের বিশেষ প্রতিনিধি দল। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে তল্লাশি ও নথি খতিয়ে দেখার কাজ। বিভিন্ন রেকর্ড ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন তদন্তকারীরা।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক থেকে অবৈধভাবে রক্তের উপাদান, বিশেষ করে প্লাজমা, বিপুল পরিমাণে ভিনরাজ্যে পাচারের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, কোটি কোটি টাকার বিনিময়ে এই রক্তের উপাদান বাইরে পাঠানো হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা, নদীয়া, দুর্গাপুর-সহ রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকে একযোগে অভিযান চালানো হয়।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়মিত রক্তদান শিবিরের মাধ্যমে সংগৃহীত রক্ত সংরক্ষণ করা হয়। অভিযোগ, সেই রক্তের একাংশ বা তার উপাদান রাজ্যের প্রয়োজন মেটানোর পরিবর্তে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে প্রয়োজনে রাজ্যের হাসপাতালগুলিতে রক্ত ও রক্তের উপাদানের সংকট তৈরির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্যদপ্তর তদন্ত শুরু করেছে।