সংবাদদাতা, বাগডোগরা: চা বাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির মুণ্ডহীন দেহ। বাগডোগরা থানার হাঁসখোয়ায় হাড়হিম করা এমন দৃশ্য মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে যায়। যা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদদাতা, বাগডোগরা: চা বাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির মুণ্ডহীন দেহ। বাগডোগরা থানার হাঁসখোয়ায় হাড়হিম করা এমন দৃশ্য মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে যায়। যা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিন সকালে বাগডোগরা থানার অন্তর্গত হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে উদ্ধার হয় মুণ্ডহীন দেহটি। পুলিশ আশেপাশে খুঁজে কাটা মুণ্ডটি পায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে চা পাতা তুলতে গিয়ে চা শ্রমিকরাই প্রথমে মৃতদেহটি দেখতে পান। পরনে জিন্স পায়ে মোজা থাকলেও ধর থেকে মাথা কেটে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় গোটা বাগডোগরায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বাগডোগরা থানার পুলিশের টিম। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ঘটনার তদন্তে নামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কাটা মুণ্ড পাওয়া যায়নি। পরিচয় গোপন করতেই মুণ্ড কেটে দেহ ফেলা রেখে যাওয়া হয়েছে বলে অনুমান তদন্তকারী পুলিশ অফিসারদের। স্থানীয় চা শ্রমিকদের অনুমান, অন্য কোথাও খুন করে দেহ লোপাট করতে এই নির্জন এলাকায় ফেলা হয়ে থাকতে পারে। যদিও ওই ব্যক্তির পকেট থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। যেখানে কিষানগঞ্জের বাসিন্দা ইমাম লেখা ছিল। তবে মৃত ব্যক্তিরই কী সেই পরিচয়পত্র, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, দু’মাস আগে হাঁসখোয়ারই বন্দিজোত এলাকা থেকে মাথা, দুই হাত ও দুই পা কাটা মৃতদেহ উদ্ধার হয়েছিল। পুনরায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। চন্দনচিক বারাইক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এর আগেও মাথা, হাত-পা ছাড়া দেহ উদ্ধার হয়েছে চা বাগান থেকে। বারবার একই ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত। বাইরে খুন করে এই এলাকায় দেহ ফেলে যাচ্ছে দুষ্কৃতীরা। এতে এলাকা বদনাম হচ্ছে। প্রশাসনকে আমরা আনুরোধ জানাচ্ছি, এ বিষয়ে দ্রুত তদন্ত করতে।
বাগডোগরা থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট জায়গাটি ঘিরে রাখা হয়েছে। প্রয়োজনে ফরেন্সিক দল পাঠানো হবে। হাঁসখোয়ায় মুণ্ডহীন দেহ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পুলিশ।-নিজস্ব চিত্র