Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রবীন্দ্রসংগীত গেয়ে চাকরি হারান, এবার রূপঙ্করের সঙ্গে একমঞ্চে গান শোভনের

তিনি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। পড়াশোনা মিউজিক নিয়ে। কিন্তু কপালের ফেরে তাঁকে করতে হচ্ছিল সিকিউরিটি গার্ডের চাকরি।

রবীন্দ্রসংগীত গেয়ে চাকরি হারান, এবার রূপঙ্করের সঙ্গে একমঞ্চে গান শোভনের
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তিনি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। পড়াশোনা মিউজিক নিয়ে। কিন্তু কপালের ফেরে তাঁকে করতে হচ্ছিল সিকিউরিটি গার্ডের চাকরি। হাতে গীতবিতান নিয়ে সিকিউরিটি গার্ডের পোশাকে তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত ভাইরাল হয়। তারপর হঠাৎ চাকরি যায় শোভন চক্রবর্তী নামে ওই গার্ডের। রবি ঠাকুরের গান গেয়ে চাকরি যাওয়ায় সোশ্যাল মিডিয়া তোলপাড়। কাজ গেলেও অনুদান চান না শোভন। তিনি গানের টিউশন করে সংসার চালাতে চান। তাই তাঁর জন্য অভিনব উদ্যোগ নিল ‘বেঙ্গল ওয়েব সলিউশন’। ওই সংস্থা এবং মেট্রো ফার্মার যৌথ উদ্যোগে এবার একমঞ্চে সঙ্গীতশিল্পী রূপঙ্করের সঙ্গে গান গাইবেন শোভন। সেপ্টেম্বরে হবে অনুষ্ঠান। শোভনের জন্য তৈরি হয়েছে পৃথক থিম সং, ‘আমাকে গাইতে দাও গান’। এই উদ্যোগ ও প্রস্তাবে খুশি তিনি।

Advertisement

বেহালার সখেরবাজারে থাকেন শোভনবাবু। একটি সিকিউরিটি সংস্থায় চাকরি করতেন। বেহালারই একটি আবাসনে কমর্রত ছিলেন। মাসখানেক আগে তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর হঠাৎ চাকরি চলে যায়। তাঁকে কর্মস্থলে আসতে বারণ করা হয়। চাকরি যাওয়ার খবর ভাইরাল হয়। তারপর অনেকে এগিয়ে আসেন। শোভন গানের টিউশন শুরু করেন। আরও ছাত্র-ছাত্রী খুঁজছেন তিনি। ওই সিকিউরিটি সংস্থা তাঁকে পুনরায় চাকরিতে জয়েন করতে বলেছে। কিন্তু তিনি জানান, গান গাওয়ার জন্য চাকরি যাওয়ায় সেখানে আর পা মাড়াবেন না।
‘বেঙ্গল ওয়েব সলিউশন’য়ের প্রশান্ত সরকার বলেন, গান গাওয়ার জন্য চাকরি যাওয়ায় আমরা শোভনবাবুর সঙ্গে যোগযোগ করেছিলাম। তিনি অনুদান নিতে চান না। তাই তাঁকে নিয়ে অনুষ্ঠান করার কথা ভাবি। আমরা বিষয়টি শিল্পী রূপঙ্করবাবুকে জানাই। উনি অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেখান থেকেই সম্মতি দিয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর জিডি বিড়লায় রূপঙ্করাবুর সঙ্গে একমঞ্চে গান গাইবেন শোভনবাবু। টিকিট মূল্য থেকে অনুষ্ঠানের খরচ বাদ দিয়ে আমরা শোভনবাবুকে সম্মানিক দেব। মানুষের ভালো সাড়া পাচ্ছি। শোভনবাবুকে নিয়ে থিম সংয়ের কথা, ভাবনা ও পরিকল্পনায় অভিজিৎ পাল। সুর দিয়েছেন কৌশিক মুখোপাধ্যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ