Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদ ম্যাচের আগেও সমস্যায় মহমেডান স্পোর্টিং

হায়দরাবাদ ম্যাচের আগেও সমস্যায় মহমেডান স্পোর্টিং
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সামনে হায়দরাবাদ এফসি। ম্যাচের আগে অ্যাকাউন্টের নোটিফিকেশনে চোখ মহমেডান স্পোর্টিং ফুটবলারদের। কমবেশি দু’মাসের বেতন বাকি। ক্ষুব্ধ ফুটবলাদের বাবা-বাছা করে হায়দরাবাদ পাঠিয়েছেন কর্তারা। শুক্রবার রাতের মধ্যে বকেয়া বেতন মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। না হলে? কী হবে কেউ জানে না। বিদেশিরা ক্ষুব্ধ। গজরাচ্ছে ভারতীয় স্কোয়াডও। বেচারা কোচ মেহরাজউদ্দিন। প্রতিকূল পরিস্থিতিতে তাঁর অবস্থা সঙ্গীন। রুশ কোচ চেরনিশভ পালিয়ে বেঁচেছেন। কলকাতায় ফেরা নিয়ে বড় প্রশ্নচিহ্ন। মাঠের বাইরের সমস্যায় জেরবার সাদা-কালো ব্রিগেড। তবে দ্রুত সমাধান খোঁজার বিষয়ে আশাবাদী কর্তারা।
Advertisement
নিজামের শহরে বিকেল পাঁচটায় হায়দরাবাদ এফসি’র মুখোমুখি মহমেডান স্পোর্টিং। লিগ টেবিলে ১২ বনাম ১৩ র লড়াই। নিজেদের হোম ম্যাচে হায়দরাবাদের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হন আলেক্সিসরা। চারমিনারের শহরে বদলা নেওয়ার সুযোগ সাদা-কালো ব্রিগেডের সামনে। শনিবার সাদা-কালো জার্সিতে অভিষেক হচ্ছে নয়া বিদেশি মার্ক আন্দ্রের। তবে কার্ড সমস্যায় নেই কাসিমভ। মিনি ডার্বিতে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। আসলে মোটিভেশনের অভাবে ভুগছে গোটা দল। ম্যানেজমেন্ট ব্যস্ত অভ্যন্তরীণ রাজনীতিতে। দলের হাল বদলাতে ফুটবলারদের তাগিদই মেহরাজের ভরসা। আর জুডিকা, আলেক্সিসদের ভরসা কর্তাদের প্রতিশ্রুতি। 
(হায়দরাবাদে ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।)
Advertisement
সম্পর্কিত সংবাদ