Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হেডকে থামানোর পরিকল্পনা তৈরি, দাবি আকাশ দীপের

হেডকে থামানোর পরিকল্পনা তৈরি, দাবি আকাশ দীপের
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন: ট্রাভিস হেড ‘হেডেক’! চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন এই বাঁ হাঁতি অজি ব্যাটার। এখনও পর্যন্ত তিন ম্যাচে দু’টি শতরান সহ ৪০৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁকে দ্রুত ফেরানোর পরিকল্পনা তৈরি টিম ইন্ডিয়ার। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন আকাশ দীপ। তরুণ পেসারকে হেডের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘ওর জন্য বিশেষ প্ল্যান রয়েছে। তবে তা ফাঁস করব না। তাহলে প্রতিপক্ষ ব্যাটার সতর্ক হয়ে যাবে। এটুকু বলতে পারি যে, ট্রাভিস শর্টপিচ ডেলিভারিতে খুব একটা সাবলীল নয়। সেই জায়গায় অবশ্যই টার্গেট করব। ক্রিজে ওকে থিতু হতে দেওয়া চলবে না। সে জন্য শৃঙ্খলাবদ্ধ বোলিং করতে হবে।’
Advertisement
বর্ডার-গাভাসকর ট্রফিতে শুরুটা ভালো করেও ছন্দপতন ঘটেছে টিম ইন্ডিয়ার। মেলবোর্নে ঘুরে দাঁড়াতে হলে নতুন বলে উইকেট তুলে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন আকাশ দীপ। তাঁর বক্তব্য, ‘অস্ট্রেলিয়া সফরে ইতিমধ্যে তিনটি টেস্টে খেলে ফেলেছি আমরা। তাতে একটা জিনিস পরিস্কার, নতুন বলে অনেক সুযোগ তৈরি হচ্ছে। সেগুলিকে কাজে লাগাতে হবে।’ প্রথম দু’টি টেস্টে অবশ্য সুযোগ পাননি আকাশ দীপ। তবে গাব্বায় নজর কেড়েছিলেন তরুণ তুর্কি। নিজের বোলিং প্রসঙ্গে তাঁর বিশ্লেষণ, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার বল করা সহজ নয়। তবে বুমরাহ ভাইয়ের ছোট ছোট পরামর্শ খুব কাজে লেগেছে। ও বলেছিল, বেশি ভাবার প্রয়োজন নেই। ভারতে যেভাবে বল কর, এখানেও তেমনটা করে যাও।’ বর্ডার-গাভাসকর ট্রফিতে তিন ম্যাচের পর ফল ১-১। বাকি দুই ম্যাচে ভালো খেলে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলার এই পেসার। আকাশ দীপ বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে, অ্যাডিলেডের পর আমার কিছুটা ব্যাকফুটে ছিলাম। গাব্বায় ফলো-অন এড়িয়ে ম্যাচ ড্র করার সৌজন্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। এখান থেকে সিরিজে জেতার ফিফটি-ফিফটি সুযোগ রয়েছে দুই দলের সামনে।’ উল্লেখ্য, গাব্বায় ভারতের ফলো-অন এড়ানোয় বড় অবদান রেখেছিলেন আকাশ দীপ। শেষ উইকেটে বুমরাহর সঙ্গে তাঁর জুটিই দলকে বিপন্মুক্ত করে। এই প্রসঙ্গে আকাশ দীপের বক্তব্য, ‘লোয়ার অর্ডারে নেমে ২০-২৫ রান যোগ করাটা খুবই মূল্যবান। সেদিন অবশ্য ফলো-অন এড়ানোর ভাবনা নিয়ে ব্যাট করতে নামিনি। একটাই লক্ষ্য ছিল, আউট না হওয়া। ঈশ্বরের কৃপায় সফল হয়েছি। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বাঁচানোর অনুভূতিটাই আলাদা। ড্রেসিং-রুমেও সবাই উজ্জীবিত ছিল।’
সম্পর্কিত সংবাদ