Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভূতের উপদ্রব’! সন্দেশখালির স্কুলে একে একে অসুস্থ ৩২ ছাত্রী, আতঙ্ক, প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভরতি দুই

ক্লাস চলাকালীন একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ল সন্দেশখালির ফুলমণি আদর্শ বিদ্যামন্দিরে। নবম শ্রেণির ছাত্রীরা অনেকেই অসুস্থ হয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

‘ভূতের উপদ্রব’! সন্দেশখালির স্কুলে একে একে অসুস্থ ৩২ ছাত্রী, আতঙ্ক, প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভরতি দুই
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: ক্লাস চলাকালীন একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ল সন্দেশখালির ফুলমণি আদর্শ বিদ্যামন্দিরে। নবম শ্রেণির ছাত্রীরা অনেকেই অসুস্থ হয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার ক্লাস চলাকালীন হঠাৎ করেই ৩০ থেকে ৩৫ জন ছাত্রী শ্বাসকষ্ট, হাত-পায়ে টান ধরা, অস্বস্তি ইত্যাদি উপসর্গের কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Advertisement

বিদ্যালয়ের পড়ুয়াদের বক্তব্য, প্রায় এক মাস ধরে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে। অভিযোগ, শুধু নবম শ্রেণির ছাত্রীরাই এই সমস্যায় আক্রান্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম পিরিয়ড শেষ হওয়ার পর ছাত্রীরা একে একে অসুস্থ হতে শুরু করে। এই ঘটনার পর এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই বলতে শুরু করেন, ওই পড়ুয়াদের ভূতে ধরেছে। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে যান বসিরহাট স্বাস্থ্য জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামলকুমার বিশ্বাস। স্কুল পরিদর্শনের পর তিনি বলেন, মোট ৩২ জন ছাত্রী অসুস্থ হয়েছিল। তাদের মধ্যে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে দু’জনকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভরতি রাখা হয়েছে। সম্ভবত তাদের প্যানিক অ্যাটাক হয়েছে। 
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিলের সদস্য প্রদীপ্ত সরকার বলেন, ভূতের বিষয় নয়, কোনো রাসায়নিক গ্যাসের প্রভাব বা খাবারজনিত সমস্যা কিংবা পরিবেশগত কারণে হয়ত তারা অসুস্থ হয়ে পড়েছে। একজন অসুস্থ হয়ে পড়ায় তার আতঙ্ক অন্যদের মধ্যে সংক্রামিত হয়ে থাকতে পারে। সেদিকটিও খতিয়ে দেখা উচিত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটেছে, সেখানে কয়েক বছর আগে এক ছাত্রী আত্মহত্যা করেছিল। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হওয়ায় পড়ুয়াদের মধ্যে ভয় ও মানসিক চাপ তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে স্কুলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে।  পড়ুয়াদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাস্থ্যদপ্তর তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ