ডারউইন: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনটা ভালো গেল না অস্ট্রেলিয়ার। হাসান মাহমুদের আগুনে পেসের সামনে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে গেল ক্যাঙারু বাহিনী। সর্বাধিক রান স্টিভ স্মিথের (৭১)। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬। ক্রিজে আছেন তানজিদ (৩২) ও মমিনুল (৩৫)। এখনও ১০২ রানে পিছিয়ে বাংলাদেশ।
২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। এদিন টাইগার বাহিনী শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মেজাজে। পেসার হাসানের বলে ফেরেন ওপেনার ওয়েদারাল্ড (২৩)। হাসানের পরের শিকার ট্রাভিস হেড। বাংলাদেশের তিন পেসার হাসান, ইবাদত ও তাসকিন দশটি উইকেট ভাগ করে নিয়েছেন। তার মধ্যে হাসানের একারই ৫৫ রানে ৬ উইকেট। মার্নাশ লাবুসানে, ক্যামেরন গ্রিনরা ব্যর্থ। কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন স্মিথ। তিনিই দলকে টানেন। তবে শেষ পর্যন্ত হাসানের বলে স্মিথ আউট হতেই অস্ট্রেলিয়ার দুশোর গণ্ডি টপকানো অসম্ভব হয়ে দাঁড়ায়।