নয়াদিল্লি (পিটিআই): প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) এম এম নারাভানের ‘অপ্রকাশিত’ বই নিয়ে বিতর্ক ও তরজা অব্যাহত। একদিন আগেই বইটির বেআইনি প্রচারের অভিযোগে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কিছুক্ষণের মধ্যেই প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, জেনারেল নারাভানের স্মৃতিচারণামূলক বই ‘ফোর স্টারস অব ডেস্টিনি’র প্রকাশনার সম্পূর্ণ স্বত্ত্ব তাদের হাতে রয়েছে। বইটি মুদ্রণ বা ডিজিটাল কোনও মাধ্যমেই এখনও প্রকাশিত হয়নি। ফলে প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে বইটি কীভাবে এল? এই অবস্থায় মঙ্গলবার সংসদ ভবন চত্বরে পালটা সরব হয়েছেন এই কংগ্রেস সাংসদ। রাহুলের দাবি, ২০২৩ সালের ডিসেম্বরে স্বয়ং সেনাপ্রধান নারাভানে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তাঁর বইটি এখন ‘অ্যাভেলেবল’। অর্থাৎ, তা পাওয়া যাচ্ছে। নারাভানের সেই ট্যুইট (বর্তমানে এক্স) পড়েও শোনান বিরোধী দলনেতা। এরপর সাংবাদিদের রাহুল বলেন, ‘নারাভানে নিজে এই ট্যুইটটি করেছিলেন। আমার বক্তব্য হল, হয় নারাভানে মিথ্যা বলছেন, নয়তো পেঙ্গুইন। দু’জনের সত্যি বলতে পারে না। আমার বিশ্বাস, (প্রাক্তন) সেনাপ্রধান মিথ্যা বলবেন না।’ যদিও বিতর্কের এই আবহেই এদিন নীরবতা ভেঙেছেন অবসরপ্রাপ্ত জেনারেল নারাভানে। বইটি বর্তমানে কী অবস্থায় আছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে পেঙ্গুইনের গতকালের বিবৃতিটিকেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। অর্থাৎ প্রাক্তন সেনাপ্রধানেরও ইঙ্গিত, বইটি এখনও অপ্রকাশিত।



