আর্লিংটন: বিশ্বকাপের ইতিহাসে একমাত্র গ্যাব্রিয়েল বাতিস্তুতার দু’টি ভিন্ন আসরে হ্যাটট্রিক করার নজির রয়েছে। বুধবার তাঁকে স্পর্শ করার সুবর্ণ সুযোগ ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের সামনে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই দু’বার বিপক্ষের জাল কাঁপান তিনি। বিরতির পর সুযোগ এসেছিল হ্যাটট্রিক সম্পন্ন করার। তবে ক্রোট গোলরক্ষক লিভাকোভিচ তা রুখে দেন। হ্যাটট্রিক হাতছাড়া হলেও, কেনের জোড়া গোলের সুবাদে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারাল টমাস টুচেলের ছেলেরা। থ্রি লায়ন্সের অপর দুই গোলদাতা জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ড। ক্রোয়েশিার হয়ে ব্যবধান কমান মার্টিন বাতুরিমা ও পিটার মুসা।
ম্যাচে হ্যাটট্রিক মিস হলেও তাতে আপশোস নেই ইংল্যান্ড অধিনায়কের। বরং দলের জয়কেই প্রাধান্য দিচ্ছেন তিনি। হ্যারি কেন বলেন, ‘ম্যাচে দু’বার লিড নিয়েও তা হাতছাড়া করতে হয়েছিল। বিশেষত দ্বিতীয় গোলটা যেভাবে হজম করি, তাতে আমরা সকলেই বিরক্ত ছিলাম। তবে কোচ ড্রেসিং-রুমে একটাই কথা বলেছিলেন, এই পরিস্থিতিতে সব থেকে খারাপ হলে ম্যাচটা আমরা হারতে পারি। তবে ফলের কথা না ভেবে ফুটবল উপভোগ কর। তাতেই দল ঘুরে দাঁড়ায়। বিরতির পরের ২০ মিনিটেই আমরা তিন গোল চাপাতে পারতাম। তবে এটাই ফুটবল। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে অনেক কিছুই হতে পারত। সেসব নিয়ে ভেবে লাভ নেই। শেষ পর্যন্ত দল জিতে মাঠ ছাড়ায় খুশি আমরা।’ উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কেন। সেবার সোনার বুটও জেতেন তিনি। আট বছর বাদে ফের কাপযুদ্ধের শুরুটা দারুণ করলেন এই ইংলিশ তারকা। বুধবার জোড়া গোলের সুবাদে অবশ্য বিশ্বকাপের আসরে থ্রি লায়ন্সের হয়ে সর্বাধিক লক্ষ্যভেদের নিরিখে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ডকে স্পর্শ করলেন হ্যারি কেন। পাশাপাশি বিশ্বকাপে পেনাল্টি থেকে লক্ষ্যভেদের নিরিখে মেসি ও বাতিস্তুতাকে পিছনে ফেললেন। বুধবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মেগা আসরে এটি তাঁর পঞ্চম লক্ষ্যভেদ।