নাগোয়া: এশিয়ান গেমসে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল ভারতীয় পুরুষ হকি দল। শনিবার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আয়োজক দেশ জাপানকে ২-০ ব্যবধানে হারালেন হরমনপ্রীত সিংরা। সেই সুবাদে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’র শীর্ষস্থান ধরে রেখে সেমি-ফাইনালে জায়গা পাকা করলেন তাঁরা। এদিন লক্ষ্যভেদে সফল হয়েছেন অভিষেক ও হরমনপ্রীত। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রেগ ফুলটন ব্রিগেডের প্রতিপক্ষ বাংলাদেশ।
হকি বিশ্বকাপে শোচনীয় পরাজয়ের ধাক্কা কাটিয়ে এশিয়ান গেমসে খেলতে নেমেছিল ভারত। তবে মহাদেশীয় প্রতিযোগিতার শুরু থেকেই ছন্দে হরমনপ্রীতরা। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩ গোলের মালা পরানোর পর শ্রীলঙ্কার বিপক্ষেও ১৬ গোলের বড়ো ছিনিয়ে নেন তাঁরা। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৮-২ ব্যবধানে বশ মানায় ভারত। সেই সুবাদে শেষ চারের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছিল ক্রেগ ফুলটন ব্রিগেড। তাতে শিলমোহরের জন্য জাপানকে হারাতেই হতো। ম্যাচের শুরু থেকে চাপ বজায় রেখে কাঙ্ক্ষিত লিড আসে প্রথম কোয়ার্টারের শেষ পর্বে। অভিষেকের ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত (১-০)। এরপর জাপানও ম্যাচে ফেরার চেষ্টা চালায়। তবে ভারতীয় দুর্গ ভাঙতে পারেননি তারা। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করনে অধিনায়ক হরমনপ্রীত (২-০)।
এদিকে, রবিবার গ্রপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ভারতরে মহিলা হকি দল। তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। সালিমা তাতেরাও চলতি আসরে আগুনে ফর্মে রয়েছেন। উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও জাপানকে যথাক্রমে ১৯-০, ১৭-১, ২০-১, ৩-১ ব্যবধানে হারান। সেই সঙ্গে ইতিমধ্যেই ভারতের প্রমীলাবাহিনী সেমি-ফাইনালের টিকিট পাকা করেছেন। তাই থাইল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে হলেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য সালিমাদের।