নয়াদিল্লি: হঠাৎ করে একাধিক ক্রিকেটারের চোট সমস্যা মাথাচাড়া দেওয়ায় জোড়া তাপ্পি দেওয়া দল নিয়েই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সিরিজ জিতলেও পারফরম্যান্স পৌঁছায়নি প্রত্যাশার ধারেকাছে। কলম্বো টেস্টে আয়োজক দেশকে ফলো-অন করিয়েও জিততে ব্যর্থ গিল বাহিনী। ড্র হয়েছিল ম্যাচটি। ফুটে উঠেছিল বোলিংয়ের খামতি। দলের একঝাঁক তারকা অলরাউন্ডারের অনুপস্থিতি টের পেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর।
আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে এই সমস্যা ঘুচতে পারে। চোট সারিয়ে ফিরতে চলেছেন তিন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। তিন জনেরই রিহ্যাব চলছে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে। সেখানেই তাঁদের ফিটনেস টেস্ট হবে কয়েকদিনের মধ্যে। পাস করলে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলার অনুমতি দেওয়া হতে পারে হার্দিকদের। আগামী কয়েকদিনের মধ্যে ওই সিরিজের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। বিশেষভাবে নজর থাকবে যশপ্রীত বুমরাহর উপর। তিনি বার বার চোট পাচ্ছেন। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে খেলতে পারেননি। হাঁটুতে নতুন করে সমস্যা ধরা পড়েছে। রিহ্যাব করছেন। তবে বুমরাহকে হয়তো আফগানদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে না। কারণ, তাঁকে নিয়ে বিসিসিআই ঝুঁকি নিতে রাজি নয়। এমনিতেই পরের বছর রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নামিবিয়া সম্মিলিতভাবে টুর্নামেন্ট আয়োজন করবে। আফ্রিকা মহাদেশের পিচে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। সেই অঙ্কে ‘ফিট’ বুমরাহকে স্কোয়াডে প্রয়োজন। পুরো সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে পর্যাপ্ত সময় দিতে চায় বোর্ডের মেডিকেল টিম।