Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেতৃত্ব হারাতে পারেন হার্দিক

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একেবারে সুখকর হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের ২০২৬ আইপিএল সফর। ১৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে নবম স্থানে শেষ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

নেতৃত্ব হারাতে পারেন হার্দিক
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একেবারে সুখকর হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের ২০২৬ আইপিএল সফর। ১৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে নবম স্থানে শেষ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। জয় মাত্র চারটি। আর হেরেছে ১০টি ম্যাচে। এমন শোচনীয় পারফরম্যান্সের পর দল পুনর্গঠনের পথে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি, যার শুরু হতে চলেছে অধিনায়ক বদল দিয়ে। মুম্বই শিবিরের সূত্রে জানা গিয়েছে, হার্দিকের নেতৃত্ব হারানো স্রেফ সময়ের অপেক্ষা।

Advertisement

রোহিত শর্মাকে সরিয়ে রীতিমতো ঘটা করে তাঁকে অধিনায়কের পদে বসানো হয়েছিল। কিন্তু তিন বছরের মধ্যেই বদলে যায় ছবি। দলের এক সূত্রের বক্তব্য, ‘এখনও পর্যন্ত যা আভাস, তাতে টিম ম্যানেজমেন্ট তাঁকে অধিনায়ক হিসেবে রাখতে আগ্রহী নয়। আগামী কয়েক দিনে গভীরভাবে পর্যালোচনা হবে। সব বিকল্প খতিয়ে দেখা প্রয়োজন। অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে।’ উল্লেখ্য, হার্দিকের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স গ্যালারির সম্পর্কও কখনও খুব একটা ভালো ছিল না। অথচ এই ফ্র্যাঞ্চাইজি থেকেই তাঁর উত্থান। ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেয়। ওই বছরই গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে আইপিএল জেতেন তিনি। এরপর ২০২৪ সালে অধিনায়ক হিসেবে মুম্বইয়ে প্রত্যাবর্তন। রোহিতকে সরিয়ে তাঁর হাতে নেতৃত্ব তুলে দেওয়াটা ভালোভাবে নেননি সমর্থকরা। তার জেরে ঘরের মাঠে নিয়মিত বিদ্রূপের মুখে পড়তে হয় তাঁকে। প্রত্যাবর্তনের প্রথম মরশুমে তালিকার একেবারে নীচে শেষ করেছিল হার্দিকের দল। আর এবার নবম স্থানে। কোনো সন্দেহ নেই, হার্দিকে মোহভঙ্গ ঘটেছে মুম্বইয়ের।

Advertisement
সম্পর্কিত সংবাদ