


গুয়াহাটি: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং ওডিআই সিরিজে বিশ্রামে যশপ্রীত বুমরাহ। চোটের জন্য নেই রবীন্দ্র জাদেজাও। টেস্টের সহ-অধিনায়ক ঘোষিত হয়েছেন লোকেশ রাহুল।
তিন ম্যাচের ওডিআই সিরিজে দেখা যাবে ‘রো-কো’ জুটিকে। অর্থাৎ, ক্রিকেটপ্রেমীদের কাছে নিঃসন্দেহে যা খুশির খবর। এই ফরম্যাটে জাতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়াও। পরের বছর ওডিআই বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে যা ভারসাম্যের বিচারে গুরুত্বপূর্ণ। রোহিত ও হার্দিক, দু’জনের ফিটনেস নিয়েই যদিও সংশয় ছিল। যা কেটেছে বলেই তাঁরা দলে জায়গা পেয়েছেন।
টেস্ট দলে বুমরাহ-জাদেজা ছাড়াও নেই স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, পেসার আকাশ দীপ। পরিবর্তে এসেছেন ২৩ বছর বয়সি বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার মানব সুথার ও ২৫ বছর বয়সি পেসার গুরনুর ব্রার। দু’জনেই প্রথমবার ডাক পেলেন টেস্ট দলে। আর এক বাঁ-হাতি স্পিনার হর্ষ দুবেও আছেন দলে। তবে ব্রাত্যই থাকলেন মহম্মদ সামি। সূত্রের খবর, তাঁকে নিয়ে কোনও আলোচনাই হয়নি। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর বলেছেন, ‘সামি শুধু টি-২০’র জন্য ফিট। তাই ওকে নেওয়ার প্রশ্ন নেই। অভিজ্ঞতার নিরিখেই পন্থের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলকে।’ ওডিআই দলে প্রথমবার সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব। গুরনুর এবং হর্ষও রয়েছেন এই স্কোয়াডে।
ভারতের টেস্ট স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পাদিক্কাল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুথার, গুরনুর ব্রার, হর্ষ দুবে, ধ্রুব জুরেল।
ভারতের ওডিআই স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।