আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে হস্তশিল্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল জোকা গুরুসদয় উদ্যানে। আয়োজনে আনন্দী, দ্য ইউটোপিয়া ও বাংলার ব্রতচারী সমিতি। গতকাল, ৭ মার্চ এর উদ্বোধন করেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। আজ ৮ মার্চ ও আগামী কাল ৯ মার্চ দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। সমাজের নানা স্তরের শিল্পীদের বানানো বিভিন্ন জিনিসের পসরা মিলবে এই মেলায়। শাড়ি-অলঙ্কার, ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর নানা সামগ্রীও মিলবে। বাংলার ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তর আদর্শ ও সমাজভাবনাকে পাথেয় করেই এই আয়োজন। শরীরচর্চার সঙ্গে সামাজিক নানা কাজে অংশ নেয় এই সংস্থা। মেয়েদের স্বনির্ভর হওয়ার বাসনাকেও উদ্বুদ্ধ করে তারা। নানা সমাজসেবামূলক কাজে ব্রতী হয়েছেন ও নারীর উন্নতিতে শামিল হয়েছেন এমন কয়েকজনকে সংবর্ধিতও করা হবে।



