Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পথশ্রী প্রকল্পে অর্ধনির্মিত রাস্তা এখন উত্তর শহরতলির মৃত্যুফাঁদ, দুর্ভোগ

উত্তর শহরতলির পথশ্রী প্রকল্পের অর্ধনির্মিত রাস্তা মৃত্যুফাঁদ হয়ে উঠেছে। স্থানীয়রা অভিযোগ জানাচ্ছেন, দ্রুত কাজ শেষ করতে হবে। বিস্তারিত পড়ুন।

পথশ্রী প্রকল্পে অর্ধনির্মিত রাস্তা এখন উত্তর শহরতলির মৃত্যুফাঁদ, দুর্ভোগ
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পথশ্রীর অর্ধনির্মিত রাস্তা এখন উত্তর শহরতলির মৃত্যুফাঁদ। প্রতিটি পুরসভা এলাকায় ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে এই রাস্তার কাজ শুরু হয়েছিল। সেই কাজ অর্ধেকও হয়নি। ভোটের ফল বেরনোর পর সব রাস্তার কাজ বন্ধ হয়ে গিয়েছে। ফলে ওইসব রাস্তার ইট উঠে গিয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জল জমছে। কোনো কোনো রাস্তায় আবার গত ১৫ দিন ধরে জল জমে রয়েছে। ফলে যাতায়াত করাই দুর্বিসহ হয়ে উঠেছে। সম্প্রতি, পানিহাটি পুরসভার তরফে কেএমডিএ-কে চিঠি দিয়ে পথশ্রীর নির্মীয়মাণ রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। উত্তর শহরতলির বিভিন্ন পুরসভা এলাকায় বেহাল হয়ে পড়ে একাধিক রাস্তা। বেশ কয়েক বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় পানিহাটি, বরানগর, কামারহাটির মতো এলাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল বাসিন্দাদের। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। সমাজমাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ হয়। পরিস্থিতি বেগতিক বুঝে ২০২৫ সালের ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে পথশ্রী প্রকল্প চালু করে তৎকালীন সরকার। তাতে উত্তর ২৪ পরগনার পুর এলাকায় প্রায় ২,৪৪৪টি রাস্তা চিহ্নিত করা হয়েছিল। কেএমডিএ সহ একাধিক সরকারি এজেন্সিকে ওই রাস্তা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোটের আগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদারদের কাজে লাগানো হয়েছিল। তারমধ্যে বরানগরে ১৬৬টি, কামারহাটিতে ১১৫টি, পানিহাটিতে ১৫৫টি, উত্তর দমদমে ১৭০টি, দক্ষিণ দমদমে ১১৬টি, খড়দহে ৯৭টি, নৈহাটিতে ১২৭টি রাস্তা সহ বিভিন্ন পুরসভার রাস্তা ছিল। ভোট প্রচার যখন তুঙ্গে ওঠে, তখন প্রতিটি পুরসভা এলাকায় রাস্তার কাজ রমরমিয়ে শুরু হয়। বেহাল রাস্তার পরিবর্তে ঝাঁ চকচকে রাস্তার স্বপ্ন দেখেছিলেন শহরবাসী। কিন্তু ভোটের ফল ঘোষণা হতেই ওই কাজ বন্ধ হয়ে যায়। সিংহভাগ রাস্তাই থেকে যায় অর্ধনির্মিত অবস্থায়। এখন ইট উঠে গিয়ে ফের খানাখন্দে ভরে গিয়েছে রাস্তাগুলি। তার উপর বৃষ্টি হওয়ায় বেশির ভাগ জায়গায় তা জলাশয়ের আকার নিয়েছে। পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, পানিহাটিতে পথশ্রী প্রকল্পে অর্ধনির্মিত রাস্তাগুলিতে মরণফাঁদ তৈরি হয়েছে। অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাই। আমরা কেএমডিএ-কে চিঠি দিয়ে সবটা জানিয়েছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ